রবিবার, ২০ সেপ্টেম্বর, ২০২৬,

দিনাজপুর বোর্ডে ১ লাখ ৮১ হাজার এসএসসি পরীক্ষার্থীর অংশ গ্রহণ

মো: মামুনুর রশিদ

এপ্রিল ২১, ২০২৬, ১১:৫০ এএম

দিনাজপুর বোর্ডে ১ লাখ ৮১ হাজার এসএসসি পরীক্ষার্থীর অংশ গ্রহণ

ছবি-দিনাজপুর টিভি

দিনাজপুর মাধ্যমিক ও উচ্চ মাধ্যমিক শিক্ষা বোর্ডের অধীনে এবার এসএসসি ও সমমানের পরীক্ষায় বসেছে ১ লাখ ৮১ হাজার ৮৫৪ জন শিক্ষার্থী। মঙ্গলবার (২১ এপ্রিল) সকাল থেকে শুরু হওয়া এই পাবলিক পরীক্ষায় রংপুর বিভাগের আটটি জেলার ২৮৩টি কেন্দ্রে একযোগে পরীক্ষা গ্রহণ চলছে।

 দিনাজপুর শিক্ষা বোর্ডের চেয়ারম্যান অধ্যাপক মোহাঃ তহিদুল ইসলাম এসব তথ্য নিশ্চিত করে জানিয়েছেন, সুষ্ঠু ও শান্তিপূর্ণ পরিবেশে পরীক্ষা সম্পন্ন করতে সব ধরনের প্রয়োজনীয় প্রস্তুতি নেওয়া হয়েছে।

বোর্ডের দেওয়া পরিসংখ্যান অনুযায়ী, এবারের পরীক্ষায় ছাত্রীদের তুলনায় ছাত্রদের অংশগ্রহণ কিছুটা বেশি। মোট পরীক্ষার্থীর মধ্যে ছাত্রের সংখ্যা ৯২ হাজার ১৯২ জন এবং ছাত্রী রয়েছেন ৮৯ হাজার ১৬২ জন। তবে গত বছরের পরিসংখ্যানের দিকে তাকালে দেখা যায়, এবারের এসএসসি পরীক্ষায় শিক্ষার্থীর সামগ্রিক সংখ্যা সামান্য কমেছে। 

গতবারের তুলনায় এবার দিনাজপুর বোর্ডের অধীনে ৫৫৬ জন শিক্ষার্থী কম অংশ নিচ্ছে।বিভাগভিত্তিক পরীক্ষার্থীর পরিসংখ্যানে দেখা যায়, এই বোর্ডে বিজ্ঞান বিভাগের শিক্ষার্থীদের আধিক্য সবচেয়ে বেশি। বিজ্ঞান বিভাগ থেকে সর্বোচ্চ ৯৯ হাজার ৬৭১ জন পরীক্ষার্থী এবারের পরীক্ষায় অংশ নিচ্ছে। অন্যদিকে মানবিক বিভাগ থেকে পরীক্ষা দিচ্ছে ৮০ হাজার ২০৮ জন এবং ব্যবসায় শিক্ষা বিভাগ থেকে সবচেয়ে কম, মাত্র ১ হাজার ৯৭৫ জন শিক্ষার্থী অংশ নিচ্ছে। এই পরিসংখ্যান থেকে উত্তরাঞ্চলে বিজ্ঞান শিক্ষার প্রতি শিক্ষার্থীদের আগ্রহের একটি সুস্পষ্ট চিত্র ফুটে ওঠে।

দিনাজপুর বোর্ডের প্রশাসনিক আওতাধীন রংপুর বিভাগের ৮টি জেলার মোট ২ হাজার ৮১০টি শিক্ষাপ্রতিষ্ঠানের শিক্ষার্থীরা এবারের এসএসসি পরীক্ষায় অবতীর্ণ হয়েছে। পরীক্ষা কেন্দ্রগুলোতে নকলমুক্ত, ইতিবাচক ও শান্ত পরিবেশ বজায় রাখতে বোর্ড কর্তৃপক্ষের পাশাপাশি স্থানীয় প্রশাসন ও আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনী মাঠে কাজ করছে। চেয়ারম্যান অধ্যাপক তহিদুল ইসলাম পরীক্ষার্থী ও অভিভাবকদের আশ্বস্ত করে বলেন, প্রশ্নফাঁসের গুজব রোধ এবং যেকোনো ধরনের অপ্রীতিকর ঘটনা এড়াতে কেন্দ্রগুলোতে কঠোর নজরদারি অব্যাহত থাকবে।