এপ্রিল ২৮, ২০২৬, ০২:৩৮ পিএম
দিনাজপুরের জেলা লিগ্যাল এইড কমিটির চেয়ারম্যান ও সিনিয়র জেলা ও দায়রা জজ মোঃ আলমগীর কবির বলেছেন, আইনগত সহায়তা পাওয়ার যোগ্য একজন ব্যক্তিও যেন সরকারি আইনী সেবা থেকে বঞ্চিত না হয়। তিনি উল্লেখ করেন যে, আইনগত সেবা প্রদান শুধু একটি আইনী কাজ নয় বরং এটি একটি বড় মানবিক সেবা।
এই সেবাকে আরও জনবান্ধব ও জনপ্রিয় করে তুলতে সরকারি-বেসরকারি সকল পর্যায়ের কর্মকর্তাদের সহযোগিতার আহ্বান জানান তিনি।মঙ্গলবার (২৮ এপ্রিল) সকালে দিনাজপুর জেলা লিগ্যাল এইড কমিটির আয়োজনে জেলা জজ আদালত প্রাঙ্গণে পায়রা ও ফেস্টুন উড়িয়ে বর্ণাঢ্য র্যালির মাধ্যমে দিবসের সূচনা করা হয়।
র্যালিটি আদালত প্রাঙ্গণ প্রদক্ষিণ শেষে শহীদ সোহেল-জগন্নাথ সম্মেলন কক্ষে এক আলোচনা সভায় মিলিত হয়। সভায় সভাপতিত্বকালে জেলা জজ আলমগীর কবির বলেন, অসহায় মানুষের ন্যায়বিচার নিশ্চিত করতে বিচারক ও আইনজীবীদের সমন্বিতভাবে কাজ করতে হবে। এর মাধ্যমে মামলার জট কমানো এবং বিচারপ্রার্থীদের ভোগান্তি লাঘব করা সম্ভব।
অনুষ্ঠানে স্বাগত বক্তব্যে জেলা লিগ্যাল এইড কমিটির সদস্য সচিব ও সিনিয়র সিভিল জজ ইসরাফিল আলম জানান, দিনাজপুরে লিগ্যাল এইডের কার্যক্রম অত্যন্ত গতিশীল হওয়ায় সরকার এই অফিসকে এখন অধিদপ্তর হিসেবে মূল্যায়ন করছে। তিনি যোগদানের পর থেকে প্যানেল আইনজীবীদের নিয়ে অসহায় ও পিছিয়ে পড়া জনগোষ্ঠীর দোরগোড়ায় আইনী সেবা পৌঁছে দেওয়ার প্রচেষ্টা অব্যাহত রেখেছেন বলে উল্লেখ করেন।
আলোচনা সভায় সম্মানিত অতিথি হিসেবে বক্তব্য রাখেন দিনাজপুরের জেলা প্রশাসক মোঃ রফিকুল ইসলাম, পুলিশ সুপার জেদান আল মুসা এবং সিভিল সার্জন আসিফ ফোরদৌস। শুভেচ্ছা বক্তব্য রাখেন জেলা আইনজীবী সমিতির সভাপতি এ্যাডভোকেট এমাম আলী এবং সাধারণ সম্পাদক এ্যাডভোকেট আবুল আল মোঃ মাহাবুবুর রহমান (ভুট্টো)। এ ছাড়া দিবসের তাৎপর্য তুলে ধরে বক্তব্য রাখেন চীফ জুডিসিয়াল ম্যাজিস্ট্রেট মোঃ ফিরোজ কবির এবং নারী ও শিশু নির্যাতন দমন ট্রাইব্যুনালের বিচারক মোঃ হুমায়ন কবির সরকার।অনুষ্ঠানে বিশেষ অবদান রাখার জন্য শ্রেষ্ঠ প্যানেল আইনজীবী হিসেবে এ্যাডভোকেট আক্তার ও এ্যাডভোকেট মোঃ আব্দুল জব্বারকে সম্মাননা ক্রেস্ট প্রদান করা হয়।
এ সময় সেবা গ্রহণকারী উপকারভোগীদের মধ্যে সুইটি বেগম ও সজিব ঘোষ তাদের অভিজ্ঞতা বিনিময় করেন। অনুষ্ঠানের দ্বিতীয় পর্বে জনসচেতনতা বৃদ্ধির লক্ষ্যে মেহেদী পারভেজ সুইট রচিত `বণ্টন` নামক একটি নাটিকা পরিবেশন করা হয়। এ ছাড়া দিবসটি উপলক্ষে আদালত চত্বরে স্বেচ্ছায় রক্তদান কর্মসূচিরও উদ্বোধন করেন আমন্ত্রিত অতিথিরা। আইনজীবী, এনজিও প্রতিনিধি এবং বিভিন্ন সরকারি-বেসরকারি দপ্তরের কর্মকর্তা-কর্মচারীদের স্বতঃস্ফূর্ত অংশগ্রহণে দিবসটি সফলভাবে উদযাপিত হয়।


দিনাজপুর টিভির সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন