মে ৪, ২০২৬, ১১:৩৪ পিএম
দিনাজপুর রেলওয়ে স্টেশনের সরকারি জায়গা অবৈধভাবে দখল করে গড়ে ওঠা দোকানপাট ও স্থাপনা উচ্ছেদে অভিযান চালিয়েছে কর্তৃপক্ষ। সোমবার (৪ মে) সকালে এই অভিযান পরিচালনা করা হয়। অভিযান শেষে গভীর রাতে ট্রেন থেকে নামা যাত্রীদের নিরাপত্তা নিশ্চিতে স্থানীয় অটোচালকদের সচেতনতামূলক দিকনির্দেশনা দেয় রেলওয়ে পুলিশ।
রেলওয়ে সূত্রে জানা গেছে, স্টেশনের মূল গেট সংলগ্ন এলাকা এবং আশপাশের জায়গা দীর্ঘদিন ধরে কিছু অসাধু ব্যক্তি দখল করে রেখেছিল। এতে স্টেশনে আসা যাত্রীদের চলাচলে বিঘ্ন ঘটার পাশাপাশি স্টেশনের পরিবেশ নষ্ট হচ্ছিল।
সোমবার সকালে এই বিশেষ অভিযান পরিচালনা করেন দিনাজপুর রেলওয়ে স্টেশনের ভারপ্রাপ্ত সুপারিনটেনডেন্ট এ. বি. এম. জিয়াউর রহমান এবং দিনাজপুর জিআরপি (রেলওয়ে) থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. ফখরুল ইসলাম। অভিযানে রেলওয়ে নিরাপত্তা বাহিনী (আরএনবি), রেলওয়ের কর্মকর্তা-কর্মচারী এবং জিআরপি পুলিশ সদস্যরা অংশ নেন। এ সময় অবৈধ দখলদারদের সতর্ক করে তাদের স্থাপনাগুলো সরিয়ে দেওয়া হয়।
উচ্ছেদ অভিযান শেষে স্টেশন চত্বরে অটোচালকদের সাথে মতবিনিময় করেন ওসি মো. ফখরুল ইসলাম। সেখানে তিনি গভীর রাতে আসা যাত্রীদের নিরাপত্তা ও হয়রানি বন্ধে বেশ কিছু গুরুত্বপূর্ণ নির্দেশনা দেন।ওসি বলেন, রাত ৩টার পর যেসব যাত্রী স্টেশনে নামবেন, ভোরে সূর্য ওঠার আগ পর্যন্ত তাদের স্টেশনেই অপেক্ষার অনুরোধ জানাতে হবে। কারণ, শেষ রাতে বা ভোররাতে নির্জন পথে ছিনতাইয়ের ঝুঁকি থাকে।
যাত্রীরা যাতে নিরাপদে গন্তব্যে পৌঁছাতে পারেন, সে বিষয়ে অটোচালকদের দায়িত্বশীল ভূমিকা পালনের আহ্বান জানান তিনি।অনেক সময় গভীর রাতের সুযোগ নিয়ে যাত্রীদের কাছ থেকে অতিরিক্ত ভাড়া আদায়ের অভিযোগ ওঠে। এ বিষয়ে ওসি স্পষ্টভাবে জানান, অতিরিক্ত ভাড়া আদায় করলে কঠোর আইনি ব্যবস্থা নেওয়া হবে। যাত্রীদের সার্বিক নিরাপত্তায় জিআরপি পুলিশ সার্বক্ষণিক নজরদারি রাখবে। স্টেশনের শৃঙ্খলা রক্ষায় এ ধরনের অভিযান অব্যাহত থাকবে বলেও জানান তিনি।


দিনাজপুর টিভির সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন