বুধবার, ১৬ সেপ্টেম্বর, ২০২৬,

কুরবানির ঈদ সামনে রেখে ব্যস্ত বীরগঞ্জের খামারিরা

মোঃ আরিফ ইসলাম

মে ১৬, ২০২৬, ০৫:৩৯ পিএম

কুরবানির ঈদ সামনে রেখে ব্যস্ত বীরগঞ্জের খামারিরা

ছবি-দিনাজপুর টিভি

কোরবানির ঈদকে সামনে রেখে দিনাজপুরের বীরগঞ্জ উপজেলায় এখন ব্যস্ত সময় পার করছেন গরুর খামারিরা।১৬ মে শনিবার উপজেলার বিভিন্ন এলাকায় ছোট-বড় খামারে চলছে গরু পরিচর্যা, খাবার সরবরাহ ও বিক্রির প্রস্তুতি। এমনই একজন সফল খামারি শ্রী লক্ষ্মণ চন্দ্র রায় ও মুনিরুল ইসলাম।

দিনাজপুরের বীরগঞ্জ উপজেলার ১ নম্বর শিবরামপুর ইউনিয়নের মুরারিপুর কাচারিপাড়া গ্রামের বাসিন্দা শ্রী লক্ষ্মণ চন্দ্র রায় দীর্ঘদিন ধরে গরু পালন করে আসছেন। আসন্ন পবিত্র ঈদুল আজহা উপলক্ষে তার খামারে এখন চলছে ব্যস্ততা।

বর্তমানে তার খামারে রয়েছে প্রায় ৩৫টি গরু। দেশীয় জাতের পাশাপাশি উন্নত জাতের গরুও রয়েছে তার খামারে। প্রতিদিন ভোর থেকে রাত পর্যন্ত গরুর পরিচর্যা, খাবার দেওয়া এবং খামার পরিষ্কার-পরিচ্ছন্ন রাখার কাজ করছেন তিনি ও তার পরিবারের সদস্যরা।

খামারি লক্ষ্মণ চন্দ্র রায় জানান, গরুগুলোকে সুস্থ ও মোটাতাজা করতে তিনি নিয়মিত খড়, ভুসি, ঘাস ও পুষ্টিকর খাবার খাওয়াচ্ছেন। পাশাপাশি পশু চিকিৎসকের পরামর্শ অনুযায়ী গরুর যত্ন নেওয়া হচ্ছে। এবারের কোরবানির ঈদে ভালো দামের আশা করছেন তিনি।অনেক কষ্ট করে গরুগুলো পালন করছি। আশা করছি এবার ভালো দাম পাব। যদি বাজার ভালো থাকে তাহলে লাভবান হওয়া সম্ভব হবে।১ নম্বর শিবরামপুর ইউনিয়ন পরিষদ চেয়ারম্যান জানান, বীরগঞ্জে দিন দিন গবাদিপশুর খামার বৃদ্ধি পাচ্ছে যাতে দেখা যাচ্ছে আমাদের ইউনিয়নে বাড়িতে বাড়িতে খামার এতে যেমন স্থানীয় চাহিদা পূরণ হচ্ছে, তেমনি অর্থনৈতিকভাবে খামারিরা লাভবান হচ্ছে।

কোরবানির ঈদকে কেন্দ্র করে উপজেলার বিভিন্ন হাটে গরু বিক্রির প্রস্তুতি নিচ্ছেন খামারিরা। তবে খামারিদের দাবি, পশুখাদ্যের দাম কমানো এবং সরকারি সহায়তা বাড়ানো হলে তারা আরও বেশি লাভবান হতে পারবেন।সব মিলিয়ে কোরবানির ঈদ সামনে রেখে বীরগঞ্জের খামারগুলোতে এখন কর্মচাঞ্চল্য বিরাজ করছে। পরিশ্রম আর স্বপ্ন নিয়ে লাভের আশায় দিন গুনছেন খামারিরা।