সোমবার, ১২ অক্টোবর, ২০২৬,

চিরিরবন্দরে ইজিবাইকে ট্রাকের ধাক্কা, ৪ ঘণ্টা পর যান চলাচল স্বাভাবিক

দিনাজপুর টিভি ডেস্ক

মে ২৪, ২০২৬, ০৫:৪১ পিএম

চিরিরবন্দরে ইজিবাইকে ট্রাকের ধাক্কা, ৪ ঘণ্টা পর যান চলাচল স্বাভাবিক

ছবি-দিনাজপুর টিভি

দিনাজপুর-রংপুর মহাসড়কের চিরিরবন্দরে ডাম্প ট্রাকের ধাক্কায় ইজিবাইকের চালকসহ ৬ যাত্রী গুরুতর আহত হয়েছেন। আজ রোববার দুপুরে রানীরবন্দর এলাকায় এ ঘটনা ঘটে। বিক্ষুব্ধ জনতা ট্রাকটিতে আগুন ধরিয়ে দিলে মহাসড়কে প্রায় চার ঘণ্টা যান চলাচল বন্ধ থাকে।

শত শত যানবাহন আটকা পড়ে যাত্রীরা চরম ভোগান্তিতে পড়েন।আহতদের মধ্যে রয়েছেন ইজিবাইক চালক রায়হান আলী (৩৫), যাত্রী মোত্তালেব হোসেন (৫৫), তার স্ত্রী গুলিয়ারা বেগম (৫০) ও ছেলে বাঁধন, সুরেশ চন্দ্র রায় (৬০), এবং ইয়াসমিন (১৮) ও তার শিশু কন্যা আনিছা খাতুন (২)। 

স্থানীয়রা তাদের উদ্ধার করে দিনাজপুর ও রংপুর মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করেছেন। দুর্ঘটনাস্থল পরিদর্শন করেছেন চিরিরবন্দর উপজেলা নির্বাহী অফিসার ফাতেহা তুজ জোহরা।দীর্ঘ প্রচেষ্টার পর মহাসড়ক থেকে ট্রাকটি সরিয়ে যান চলাচল স্বাভাবিক করা হয়।

ইতোমধ্যে মহাসড়কে পরিস্থিতি নিয়ন্ত্রণে এসেছে। ফায়ার সার্ভিস ও পুলিশের হস্তক্ষেপে বিকেলে যান চলাচল পুনরায় শুরু হয়। কোনো ধরনের অনাকাঙ্ক্ষিত পরিস্থিতি এড়াতে ঘটনাস্থলে অতিরিক্ত আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনী মোতায়েন রাখা হয়েছে।