জুন ১২, ২০২৬, ০২:৪৪ পিএম
দিনাজপুরে অনগ্রসর জনগোষ্ঠীর জীবন মান উন্নয়ন কর্মসূচির আওতায় দক্ষতা উন্নয়ন প্রশিক্ষণ কোর্সের উদ্বোধন করা হয়েছে। শুক্রবার (১২ জুন) জেলা প্রশাসন ও জেলা সমাজসেবা কার্যালয়ের যৌথ উদ্যোগে জেলা সমাজসেবা কমপ্লেক্সের তিথিডোর হলরুমে আয়োজিত অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত থেকে এই প্রশিক্ষণ কোর্সের উদ্বোধন করেন সমাজকল্যাণ মন্ত্রী এ জেড এম জাহিদ হোসেন।
অনুষ্ঠানে অনগ্রসর জনগোষ্ঠীর মোট ৪৯ জন সদস্যের প্রত্যেককে ১০ হাজার টাকা করে আর্থিক অনুদানের চেক দেওয়া হয়।প্রধান অতিথির বক্তব্যে সমাজকল্যাণ মন্ত্রী চাকরি খোঁজার পেছনে সময় নষ্ট না করে সবাইকে নিজের চেষ্টায় দক্ষ উদ্যোক্তা হিসেবে গড়ে ওঠার পরামর্শ দেন।
বর্তমান সরকার অনগ্রসর জনগোষ্ঠীর জীবনযাত্রার মান বাড়াতে সমাজসেবা অধিদপ্তরের মাধ্যমে বিভিন্ন প্রকার প্রশিক্ষণ দিয়ে দক্ষ জনবল সৃষ্টি করে যাচ্ছে বলে তিনি জানান। পিছিয়ে পড়া এই জনগোষ্ঠীকে উন্নয়নের মূল স্রোতধারায় সম্পৃক্ত করতে না পারলে দেশ পিছিয়ে থাকবে। তাই প্রশিক্ষণ নিয়ে সবাইকে নিজের পায়ে দাঁড়িয়ে স্বাবলম্বী হওয়ার আহ্বান জানান মন্ত্রী।
দিনাজপুরের জেলা প্রশাসক মো রফিকুল ইসলামের সভাপতিত্বে অনুষ্ঠানে স্বাগত বক্তব্য দেন জেলা সমাজসেবা কার্যালয়ের উপপরিচালক মো আব্দুল মতিন। বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন রংপুরের বিভাগীয় সমাজসেবা কার্যালয়ের পরিচালক মোছা জিলুফা সুলতানা এবং police সুপার মো জেদান আল মুসা। এছাড়া শুভেচ্ছা বক্তব্য দেন দিনাজপুর জেলা পরিষদের প্রশাসক ও জেলা বিএনপির সভাপতি মোফাজ্জল হোসেন দুলাল, জেলা বিএনপির সাধারণ সম্পাদক মো বখতিয়ার আহমেদ কচি এবং সিভিল সার্জন আসিফ ফেরদৌস।
উপজেলা সমাজসেবা কর্মকর্তা গোলাম আজমের সঞ্চালনায় অনুষ্ঠানটির সার্বিক তত্ত্বাবধানে ছিলেন সহকারী পরিচালক মো মুনির হোসেন এবং শহর সমাজসেবা কর্মকর্তা মো মাইনুল ইসলাম। সভায় অতিরিক্ত জেলা প্রশাসক এসএম হাবিবুল হাসান, জেলা বিএনপির নেতৃবৃন্দ, ২৫ জন প্রশিক্ষণার্থী, সাংবাদিক এবং সমাজসেবা কার্যালয়ের কর্মকর্তা ও কর্মচারীরা উপস্থিত ছিলেন।

দিনাজপুর টিভির সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন