বুধবার, ০৭ অক্টোবর, ২০২৬,

দিনাজপুরে কবি সুফিয়া কামালের ১১৫তম জন্মবার্ষিকী উদযাপিত

জিন্নাত হোসেন

জুন ২১, ২০২৬, ০৮:১২ পিএম

দিনাজপুরে কবি সুফিয়া কামালের ১১৫তম জন্মবার্ষিকী উদযাপিত

ছবি-দিনাজপুর টিভি

দিনাজপুরে প্রগতিশীল নারী আন্দোলনের অন্যতম পথিকৃৎ কবি বেগম সুফিয়া কামালের ১১৫তম জন্মবার্ষিকী উপলক্ষে এক বিশেষ আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে। রোববার বিকেল ৪টায় দিনাজপুর প্রেস ক্লাব মিলনায়তনে এই বর্ণাঢ্য সভার আয়োজন করে বাংলাদেশ মহিলা পরিষদ জেলা শাখা। অনুষ্ঠানের শুরুতেই উপস্থিত সকলে অত্যন্ত শ্রদ্ধার সাথে কবি বেগম সুফিয়া কামালের প্রতিকৃতিতে পুষ্পাঞ্জলি অর্পণ ও মোমবাতি প্রজ্বলন করেন।

কবি সুফিয়া কামালের আদর্শকে ধারণ করে একটি প্রগতিশীল সমাজ গড়ার প্রত্যয় ব্যক্ত করা হয় এই সভায়।এরপর বাংলাদেশ মহিলা পরিষদ দিনাজপুর জেলা শাখার সভাপতি ড. মারুফা বেগমের সভাপতিত্বে মূল আলোচনা সভাটি আনুষ্ঠানিকভাবে শুরু হয়। এতে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন দিনাজপুর জেলা মহিলা বিষয়ক অধিদপ্তরের উপ-পরিচালক মোর্শেদ আলী খান। 

প্রধান আলোচক হিসেবে উপস্থিত থেকে মূল্যবান বক্তব্য রাখেন বিশিষ্ট লেখক ও গবেষক চাষা হাবিব এবং সরকারি সিটি কলেজের হিসাববিজ্ঞান বিভাগের সহকারী অধ্যাপক মিতা চক্রবর্তী।অনুষ্ঠানে স্বাগত বক্তব্য রাখেন সংগঠনের সাধারণ সম্পাদক রুবিনা আকতার এবং মূল প্রবন্ধ পাঠ করেন সহ-সাধারণ সম্পাদক রুবি আফরোজ। 

এ ছাড়া সভায় কেন্দ্রীয় কমিটির সহ-সভাপতি কানিজ রহমান, সাবেক অধ্যক্ষ হাবিবুল ইসলাম বাবুল, সামাজিক অনাচার প্রতিরোধ কমিটির আহ্বায়ক মো. শফিকুল ইসলাম এবং নাট্য সাধারণ সম্পাদক রেজাউল রহমান রেজু বক্তব্য রাখেন। অন্যান্যদের মধ্যে নির্বাহী সদস্য রবিউল আউয়াল খোকা, গবেষক আজহারুল আজাদ জুয়েল এবং উদীচী শিল্পীগোষ্ঠীর সাধারণ সম্পাদক সুজন কুমার দে এতে অংশ নেন।

আলোচনা সভায় বক্তারা সুফিয়া কামালের জীবন, সাহিত্যকর্ম এবং সমাজ গঠনে তাঁর অসামান্য অবদানের কথা গভীর শ্রদ্ধার সাথে স্মরণ করেন। অনগ্রসর ও শোষিত নারীদের অধিকার আদায়ের আন্দোলনে তিনি আজীবন এক অবিনাশী কণ্ঠস্বর হিসেবে কাজ করে গেছেন বলে বক্তারা উল্লেখ করেন।