জুন ২৫, ২০২৬, ০৪:৩৪ পিএম
প্রকৃতি, জীববৈচিত্র্য ও বন্যপ্রাণী সংরক্ষণে নতুন প্রজন্মকে সচেতন করে তুলতে দিনাজপুরের বীরগঞ্জ উপজেলায় শুরু হয়েছে এক ব্যতিক্রমী প্রকৃতি শিক্ষা কার্যক্রম। ন্যাশনাল জিওগ্রাফিক সোসাইটির আর্থিক সহায়তায় বাস্তবায়িত একটি বিশেষ প্রকল্পের অধীনে চাউলিয়া মিশন, নন্দগাঁও এবং সিংড়া আদিবাসী সরকারি প্রাথমিক বিদ্যালয়ের ১৯৬ জন শিক্ষার্থী এই কার্যক্রমে অংশ নিচ্ছে।
এর অংশ হিসেবে বীরগঞ্জের ঐতিহাসিক সিংড়া জাতীয় উদ্যানে ছয় দিনব্যাপী পৃথক ছয়টি মাঠ পরিদর্শন বা ফিল্ড ট্রিপ সফলভাবে সম্পন্ন হয়েছে।খুদে শিক্ষার্থীদের পরিবেশ সচেতন করতে এই বিশেষ মাঠ পরিদর্শনের আয়োজন করা হয়।পরিদর্শনে অংশ নিয়ে প্রথম থেকে পঞ্চম শ্রেণির শিক্ষার্থীরা বনের বিভিন্ন প্রজাতির পাখি ও বন্যপ্রাণী সরাসরি পর্যবেক্ষণ করার সুযোগ পায়। একই সাথে তারা বন্যপ্রাণীদের খাদ্যাভ্যাস, প্রকৃতির ভারসাম্য রক্ষায় এদের ভূমিকা এবং জীববৈচিত্র্যের ওপর বিদ্যমান নানা হুমকি সম্পর্কে বাস্তব ধারণা লাভ করে।
বৃহস্পতিবার সকালে চাউলিয়া মিশন সরকারি প্রাথমিক বিদ্যালয়ে চলমান এই কার্যক্রম পরিদর্শনে যান বীরগঞ্জ উপজেলা প্রাথমিক শিক্ষা কর্মকর্তা মোছা. শাহজিদা হক। তিনি বলেন, পরিবেশ সংরক্ষণে শিশুদের ছোটবেলা থেকেই সচেতন করা জরুরি এবং মাঠভিত্তিক এই শিক্ষা শিক্ষার্থীদের পরিবেশবান্ধব নাগরিক হিসেবে গড়ে তুলতে কার্যকর ভূমিকা রাখবে।
প্রকল্পের লিডার ও ন্যাশনাল জিওগ্রাফিক এক্সপ্লোরার রেজভীন আক্তার জানান, সিংড়া জাতীয় উদ্যান ও শালবন আমাদের অন্যতম গুরুত্বপূর্ণ প্রাকৃতিক সম্পদ। শিশুদের প্রকৃতির কাছাকাছি নিয়ে আসার ফলে গত কয়েক মাসে তাদের মধ্যে বন্যপ্রাণী সংরক্ষণের বিষয়ে ইতিবাচক মনোভাব ও আগ্রহের লক্ষণীয় পরিবর্তন দেখা গেছে। সিংড়া আদিবাসী সরকারি প্রাথমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক দিজেন্দ্র নাথ দাসও বইয়ের বাইরে বনের মাঝে এসে শেখার এই বাস্তব পদ্ধতির প্রশংসা করেন।
১৮ মাস মেয়াদি এই প্রকল্পটির মাঠপর্যায়ের মূল কার্যক্রম চলতি বছরের জানুয়ারি থেকে শুরু হয়েছে। স্থানীয় বাঙালি ও আদিবাসী সাঁওতাল সম্প্রদায়ের শিশুদের নিয়ে এই প্রকল্প এখন পর্যন্ত ৯৬টিরও বেশি শ্রেণিকক্ষভিত্তিক সেশন এবং ১২টিরও বেশি ফিল্ড ট্রিপ পরিচালনা করেছে। কুইজ, পাওয়ারপয়েন্ট প্রেজেন্টেশন এবং পরিবেশবিষয়ক বিভিন্ন প্রামাণ্যচিত্র প্রদর্শনের মাধ্যমে শিশুদের শিখন পদ্ধতিকে আরও আকর্ষণীয় করে তোলা হচ্ছে।

দিনাজপুর টিভির সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন