জুন ২৯, ২০২৬, ০৬:১৪ পিএম
দিনাজপুরের ঐতিহ্যবাহী চেহেলগাজী শিক্ষা নিকেতন স্কুল এন্ড কলেজে পরিবেশ সুরক্ষায় ‘ওয়ান চাইল্ড ওয়ান ট্রি’ কর্মসূচির আওতায় এক বর্ণাঢ্য র্যালি ও বৃক্ষরোপণ কর্মসূচি অনুষ্ঠিত হয়েছে। সোমবার সকালে স্কুল এন্ড কলেজ প্রাঙ্গণে এই পরিবেশবান্ধব সবুজ উদ্যোগের আনুষ্ঠানিক উদ্বোধন করা হয়।দিনাজপুর সদর উপজেলা নির্বাহী কর্মকর্তা ও প্রতিষ্ঠানের গভর্নিং বডির সভাপতি তমালিকা পাল প্রধান অতিথি হিসেবে উপস্থিত থেকে এই কর্মসূচির সফল সূচনা করেন।
জাতীয় এই কার্যক্রমে সার্বিক সহযোগিতা প্রদান করে মাধ্যমিক ও উচ্চ শিক্ষা অধিদপ্তরের অধীনে পরিচালিত লার্নিং এক্সিলারেশন ইন সেকেন্ডারি এডুকেশন (লেইন্স) প্রজেক্ট। উদ্বোধনী অনুষ্ঠানে প্রধান অতিথি তমালিকা পাল উপস্থিত শিক্ষক ও শিক্ষার্থীদের উদ্দেশ্যে পরিবেশের ভারসাম্য রক্ষা এবং ভবিষ্যৎ প্রজন্মের জন্য একটি সম্পূর্ণ স্বাস্থ্যকর পৃথিবী নিশ্চিত করার ওপর বিশেষ গুরুত্বারোপ করেন। তিনি জলবায়ু পরিবর্তনের ক্ষতিকর প্রভাব থেকে দেশকে মুক্ত রাখতে সর্বস্তরের নাগরিককে ব্যক্তিগত উদ্যোগে অন্তত একটি করে গাছ লাগানোর জন্য উদাত্ত আহ্বান জানান।
তিনি তাঁর দিকনির্দেশনামূলক বক্তব্যে আরও বলেন, গাছ আমাদের বেঁচে থাকার জন্য অপরিহার্য অক্সিজেন দেয়, চারপাশের অতিরিক্ত তাপমাত্রা কমায় এবং বিভিন্ন প্রাকৃতিক দুর্যোগের হাত থেকে আমাদের পরিবেশকে রক্ষা করে। অনুষ্ঠানে অন্যান্যের মধ্যে উপস্থিত ছিলেন প্রতিষ্ঠানের ভারপ্রাপ্ত অধ্যক্ষ শাকিল আহমেদ, সহকারী প্রধান শিক্ষক আফজাল হোসেন, শিক্ষক ইরফাত জাহান, যুথিকা রায় এবং ক্রীড়া শিক্ষক মো. ওবায়দুল রহমান। বিদ্যালয়ের শিক্ষক-শিক্ষিকা ও কয়েক শ শিক্ষার্থী স্বতঃস্ফূর্তভাবে অংশ নিয়ে বিদ্যালয় প্রাঙ্গণে বিভিন্ন প্রজাতির ফলদ ও বনজ চারা রোপণ করে এই কর্মসূচিকে সফল করে তোলেন।

দিনাজপুর টিভির সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন