রবিবার, ২০ সেপ্টেম্বর, ২০২৬,

দিনাজপুরের বিরলে ঐতিহাসিক সাঁওতাল বিদ্রোহ দিবস উদযাপিত

সুবল রায়

জুন ৩০, ২০২৬, ০৬:১২ পিএম

দিনাজপুরের বিরলে ঐতিহাসিক সাঁওতাল বিদ্রোহ দিবস উদযাপিত

ছবি-দিনাজপুর টিভি

দিনাজপুরের বিরল উপজেলায় যথাযোগ্য মর্যাদায় ঐতিহাসিক হুল দিবস ও সাঁওতাল বিদ্রোহ দিবস উদযাপিত হয়েছে। ৩০ জুন মঙ্গলবার বিরল উপজেলা ক্ষুদ্র নৃ-গোষ্ঠী সঞ্চয় ও ঋণদান সমবায় সমিতি লিমিটেডের উদ্যোগে নানা বর্ণাঢ্য কর্মসূচির মধ্য দিয়ে দিবসটি উদযাপন করা হয়। এই উপলক্ষে সকালে উপজেলা পরিষদ চত্বর থেকে একটি আনন্দ র‌্যালী বের হয়ে প্রধান প্রধান সড়ক প্রদক্ষিণ করে।

র‌্যালী শেষে ঐতিহাসিক সাঁওতাল বিদ্রোহের বীর শহীদদের স্মরণে গভীর শ্রদ্ধাঞ্জলি নিবেদন করা হয়।শ্রদ্ধা নিবেদন শেষে এক আলোচনা সভা অনুষ্ঠিত হয়। ক্ষুদ্র নৃ-গোষ্ঠী সঞ্চয় ও ঋণদান সমবায় সমিতি লিমিটেডের সভাপতি বিমল মার্ডির সভাপতিত্বে এবং সাধারণ সম্পাদক প্রদীপ সিংহের সঞ্চালনায় এতে প্রধান অতিথি ছিলেন বিরল উপজেলা নির্বাহী অফিসার রেজাউল ইসলাম। 

অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত থেকে বক্তব্য রাখেন উপজেলা বিএনপির সভাপতি বাবুল হোসেন, উপজেলা প্রকৌশলী আনোয়ার হোসেন এবং উপজেলা স্বেচ্ছাসেবক দলের আহ্বায়ক আসাদুল ইসলাম।

আলোচনা সভায় বক্তারা ১৮৫৫ সালের ঐতিহাসিক সাঁওতাল বিদ্রোহের প্রেক্ষাপট ও তাৎপর্য তুলে ধরেন। একই সঙ্গে স্থানীয় ক্ষুদ্র নৃ-গোষ্ঠীর অধিকার রক্ষা ও তাদের সার্বিক উন্নয়নে সবাইকে ঐক্যবদ্ধভাবে কাজ করার আহ্বান জানানো হয়। অনুষ্ঠানে স্থানীয় ক্ষুদ্র নৃ-গোষ্ঠীর নেতৃবৃন্দসহ সর্বস্তরের সর্বসাধারণ উপস্থিত ছিলেন।