রবিবার, ২৭ সেপ্টেম্বর, ২০২৬,

চিরিরবন্দরে বাবা ও সৎভাই হত্যা আসামিদের ফাঁসির দাবিতে মানববন্ধন

এনামুল মবিন(সবুজ)

জুলাই ৩, ২০২৬, ১০:২২ পিএম

চিরিরবন্দরে বাবা ও সৎভাই হত্যা আসামিদের ফাঁসির দাবিতে মানববন্ধন

ছবি : দিনাজপুর টিভি

দিনাজপুরের চিরিরবন্দরে জমিজমা নিয়ে বিরোধের জেরে জন্মদাতা বাবা ও সৎভাইকে নৃশংসভাবে হত্যার ঘটনায় আসামিদের ফাঁসির দাবিতে মানববন্ধন ও সড়ক অবরোধ করেছেন এলাকাবাসী।শুক্রবার বিকেলে চিরিরবন্দরের দশমাইল মহাসড়ক এলাকায় এই মানববন্ধন কর্মসূচি পালন করা হয়। ৩ নম্বর ফতেজংপুর ইউনিয়নের টেপা পাড়া গ্রামের এই নৃশংস হত্যাকাণ্ডের প্রধান দুই আসামির সর্বোচ্চ শাস্তির দাবি জানিয়েছেন স্থানীয়রা।

মামলা ও পুলিশ সূত্রে জানা গেছে, নিহত শহিদুল হক দুলুর প্রথম পক্ষের সন্তানদের সঙ্গে দ্বিতীয় পক্ষের দুই ছেলে সাদেকুল ইসলাম ও সাকিবের জমিজমা নিয়ে দীর্ঘদিন ধরে বিরোধ চলছিল। গত ১৩ মে সকালে ভুট্টা তোলাকে কেন্দ্র করে সাদেকুলের সঙ্গে বাবার বাগবিতণ্ডা হয়। একপর্যায়ে সাদেকুল ধারালো অস্ত্র দিয়ে বাবাকে আঘাত করলে ঘটনাস্থলেই তার মৃত্যু হয়। 

সৎভাই কাবিল বাবাকে বাঁচাতে এগিয়ে এলে তাকেও ছুরিকাঘাত করা হয়, পরে হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় তার মৃত্যু হয়।জোড়া খুনের এই ঘটনায় নিহতের বড় ছেলে হাবিবুর রহমান বাদী হয়ে চিরিরবন্দর থানায় মামলা করেন। 

মামলার পর র‍্যাব-১৩ ও চট্টগ্রামের র‍্যাব-৭ যৌথ অভিযান চালিয়ে গত ২৯ জুন চট্টগ্রাম থেকে মূল হোতা সাদেকুল ও তার ভাই সাকিবকে গ্রেপ্তার করে।মানববন্ধনে বক্তারা বলেন, গ্রেফতারকৃত আসামিদের ফাঁসির পাশাপাশি হত্যাকাণ্ডের সঙ্গে জড়িত পরিকল্পনাকারীদের দ্রুত চিহ্নিত করে দৃষ্টান্তমূলক শাস্তির আওতায় আনতে হবে।