বৃহস্পতিবার, ১২ নভেম্বর, ২০২৬,

বিরলে সম্প্রীতি ও আইন-শৃঙ্খলা রক্ষায় মতবিনিময় সভা

আতিউর রহমান

জুলাই ৯, ২০২৬, ০৫:৫৮ পিএম

বিরলে সম্প্রীতি ও আইন-শৃঙ্খলা রক্ষায় মতবিনিময় সভা

ছবি: দিনাজপুর টিভি নিজস্ব প্রতিবেদক

দিনাজপুরের বিরলে সামাজিক সম্প্রীতি অটুট রাখা এবং আইন-শৃঙ্খলা পরিস্থিতির উন্নয়নে আদিবাসী, খ্রিস্টান ও বৌদ্ধ ধর্মাবলম্বী প্রতিনিধিদের সঙ্গে মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়েছে। বৃহস্পতিবার দুপুরে উপজেলা প্রশাসনের আয়োজনে উপজেলা পরিষদ অডিটোরিয়ামে এই সভা অনুষ্ঠিত হয়। এতে স্থানীয় প্রশাসন ও বিভিন্ন সম্প্রদায়ের নেতারা অংশ নেন।সভায় সভাপতিত্ব করেন উপজেলা নির্বাহী অফিসার মোঃ রেজাউল ইসলাম।

আলোচনায় অংশ নিয়ে বক্তারা নিজ নিজ সম্প্রদায়ের সমস্যা ও সম্ভাবনার বিভিন্ন দিক তুলে ধরেন। উপজেলা প্রশাসনের পক্ষ থেকে এসব সমস্যা সমাধানের আশ্বাস দেওয়া হয়েছে। সভায় উপজেলা কৃষি অফিসার রুম্মান আক্তার, উপজেলা প্রকৌশলী মোঃ আনোয়ার হোসেন এবং বিরল প্রেস ক্লাবের সভাপতি আতিউর রহমান উপস্থিত ছিলেন।

ধর্মীয় নেতাদের মধ্যে বক্তব্য রাখেন বিরল উপজেলা ক্ষুদ্র নৃ-গোষ্ঠী সঞ্চয় ও ঋণদান সমবায় সমিতি লিমিটেডের সভাপতি বিমল মার্ডী, সাধারণ সম্পাদক প্রদীপ সিংহ, কোষাধ্যক্ষ সাকিল টুডু, সহসভাপতি বিস্তা হাসদা। এছাড়া বাংলাদেশ হিন্দু বৌদ্ধ খ্রিষ্টান ঐক্য ফ্রন্ট বিরল উপজেলা শাখার আহ্বায়ক দীনেশ চন্দ্র সরকার, বাংলাদেশ খ্রিষ্টান অ্যাসোসিয়েশনের সভাপতি জীবিত দেবশর্মা, সহসভাপতি সেমনাথ মার্ডি এবং বৌদ্ধ সম্প্রদায়ের সভাপতি রতন তিগ্যাসহ অনেকে বক্তব্য রাখেন।

সভায় অংশগ্রহণকারী নেতারা বলেন, এলাকায় শান্তিপূর্ণ সহাবস্থান নিশ্চিত করতে পারস্পরিক শ্রদ্ধাবোধ ও আলোচনার কোনো বিকল্প নেই। স্থানীয় প্রশাসনের উদ্যোগে এ ধরনের সভা ধর্মীয় ও সাম্প্রদায়িক সম্প্রীতি বৃদ্ধিতে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে। বক্তারা নিয়মিত বিরতিতে এই ধরনের যোগাযোগ বজায় রাখার অনুরোধ জানান। উপজেলা নির্বাহী অফিসার মোঃ রেজাউল ইসলাম সভায় উপস্থিত সকলের মতামত ধৈর্য সহকারে শোনেন এবং আইন-শৃঙ্খলা পরিস্থিতি স্বাভাবিক রাখতে প্রশাসনের পক্ষ থেকে সব ধরনের সহযোগিতা প্রদানের প্রতিশ্রুতি দেন। সামাজিক সম্প্রীতি রক্ষায় সমাজের সকল স্তরের মানুষকে ঐক্যবদ্ধভাবে কাজ করার আহ্বান জানানো হয়।