রবিবার, ২০ সেপ্টেম্বর, ২০২৬,

দিনাজপুরে ট্রাকের ধাক্কায় মোটরসাইকেল আরোহী নিহত

মো: মামুনুর রশিদ

জুলাই ১০, ২০২৬, ০৫:০৬ পিএম

দিনাজপুরে ট্রাকের ধাক্কায় মোটরসাইকেল আরোহী নিহত

ছবি: দিনাজপুর টিভি নিজস্ব প্রতিবেদক

দিনাজপুরে দ্রুতগতির একটি ট্রাকের ধাক্কায় পরমেনোশ হেমব্রোম নামে এক মোটরসাইকেল আরোহী নিহত হয়েছেন। শুক্রবার সকাল সাড়ে ১১টার দিকে দিনাজপুর-গোবিন্দগঞ্জ আঞ্চলিক মহাসড়কের মির্জাপুর এলাকায় এ দুর্ঘটনা ঘটে। এ ঘটনায় তার স্ত্রী সেলিনা কিসকো গুরুতর আহত হয়েছেন, যাকে উদ্ধার করে দিনাজপুর মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করা হয়েছে।ঘাতক ট্রাকটি ধাক্কা দিয়ে দ্রুত ঘটনাস্থল ত্যাগ করেছে।

পুলিশ ও স্থানীয় সূত্রে জানা গেছে, পরমেনোশ হেমব্রোম সকালে স্ত্রীকে নিয়ে মোটরসাইকেলে করে দিনাজপুর পলিটেকনিক ইনস্টিটিউট এলাকা থেকে মির্জাপুর টার্মিনালের দিকে যাচ্ছিলেন। পথিমধ্যে পেছন থেকে একটি দ্রুতগতির ট্রাক তাদের মোটরসাইকেলটিকে সজোরে ধাক্কা দেয়। এতে দুজনেই সড়কে ছিটকে পড়েন এবং পরমেনোশ ট্রাকের চাকায় পিষ্ট হয়ে ঘটনাস্থলেই প্রাণ হারান। স্থানীয়রা গুরুতর আহত অবস্থায় সেলিনাকে উদ্ধার করে হাসপাতালে পাঠায়।

দুর্ঘটনার খবর পেয়ে দিনাজপুর কোতোয়ালি থানা পুলিশ ঘটনাস্থলে পৌঁছায়। নিহত পরমেনোশ হেমব্রোমের বাড়ি চিরিরবন্দর উপজেলার দল্লা মিশনপাড়া গ্রামে। তার মরদেহ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য দিনাজপুর মেডিকেল কলেজ হাসপাতালের মর্গে পাঠানো হয়েছে।

দিনাজপুর কোতোয়ালি থানার তদন্ত পরিদর্শক মনিরুজ্জামান ঘটনার সত্যতা নিশ্চিত করেছেন। তিনি জানান, ঘাতক ট্রাকটি শনাক্ত এবং এর চালককে গ্রেপ্তারের লক্ষ্যে পুলিশের অভিযান অব্যাহত রয়েছে। নিহতের পরিবারের পক্ষ থেকে আইনি প্রক্রিয়া শেষে মরদেহ হস্তান্তরের প্রস্তুতি চলছে।