সোমবার, ২৮ সেপ্টেম্বর, ২০২৬,

বিরলের নলদিঘী বিদ্যালয়ে বৃক্ষরোপণ কর্মসূচি পালন

মো: মামুনুর রশিদ

জুলাই ১৫, ২০২৬, ০৪:৫৩ পিএম

বিরলের নলদিঘী বিদ্যালয়ে বৃক্ষরোপণ কর্মসূচি পালন

ছবি: দিনাজপুর টিভি নিজস্ব প্রতিবেদক

পরিবেশের ভারসাম্য রক্ষা এবং শিক্ষার্থীদের মাঝে সবুজায়নের চেতনা ছড়িয়ে দেওয়ার লক্ষ্যে দিনাজপুরের বিরল উপজেলার ৩ নম্বর ধামইড় ইউনিয়নের নলদিঘী মাটিয়ান সরকারি প্রাথমিক বিদ্যালয়ে ফলজ, বনজ ও ঔষধি বৃক্ষ রোপণ কর্মসূচি অনুষ্ঠিত হয়েছে। বৃহস্পতিবার বিদ্যালয় প্রাঙ্গণে আয়োজিত এই কর্মসূচিতে শিক্ষক, শিক্ষার্থী, বিদ্যালয় পরিচালনা কমিটির সদস্য এবং স্থানীয় গণ্যমান্য ব্যক্তিবর্গ অংশগ্রহণ করেন।

বৃক্ষরোপণ কর্মসূচিতে বিদ্যালয়ের মাঠ ও চারপাশের খালি জায়গায় বিভিন্ন প্রজাতির গাছের চারা রোপণ করা হয়।অনুষ্ঠানে সভাপতিত্ব করেন বিদ্যালয়ের প্রধান শিক্ষক মমতাজ বেগম। তিনি শিক্ষার্থীদের উদ্দেশে বলেন, গাছ আমাদের পরম বন্ধু। বর্তমান জলবায়ু পরিবর্তনের এই চ্যালেঞ্জ মোকাবিলায় বৃক্ষ রোপণের কোনো বিকল্প নেই। পাঠ্যপুস্তকের শিক্ষার পাশাপাশি শিক্ষার্থীদের বাস্তবমুখী ও পরিবেশ সচেতন নাগরিক হিসেবে গড়ে তুলতেই এই উদ্যোগ নেওয়া হয়েছে।

মমতাজ বেগম আরও জানান, বিদ্যালয়ের এই ফলজ, বনজ ও ঔষধি গাছগুলো ক্যাম্পাসের সৌন্দর্য বাড়াবে এবং শিক্ষার্থীদের ভেষজ উদ্ভিদের গুণাগুণ ও পুষ্টি সম্পর্কে জানতে সাহায্য করবে। তিনি প্রতিটি শিক্ষার্থীকে নিজ নিজ বাড়িতে অন্তত একটি করে গাছের চারা রোপণ ও সেটির সঠিক পরিচর্যা করার আহ্বান জানান।

বিদ্যালয়ের শিক্ষকরা জানান, প্রাথমিক স্তর থেকেই শিশুদের মনে গাছের প্রতি ভালোবাসা তৈরি করতে পারলে ভবিষ্যৎ প্রজন্ম একটি সবুজ ও সুন্দর পৃথিবী পাবে। বৃক্ষ রোপণ শেষে চারা গাছগুলোর নিয়মিত যত্ন ও রক্ষণা-বেক্ষণের জন্য শিক্ষার্থীদের বিভিন্ন দলে ভাগ করে দায়িত্ব বুঝিয়ে দেওয়া হয়। এই কর্মসূচিটি শিক্ষার্থীদের মাঝে ব্যাপক উদ্দীপনার সৃষ্টি করেছে।