বৃহস্পতিবার, ২২ অক্টোবর, ২০২৬,

ফুটবল উন্মাদনায় উত্তাল দিনাজপুর আর্জেন্টিনা সমর্থকদের শোভাযাত্রা

মো: মামুনুর রশিদ

জুলাই ১৭, ২০২৬, ০৮:২৬ পিএম

ফুটবল উন্মাদনায় উত্তাল দিনাজপুর আর্জেন্টিনা সমর্থকদের শোভাযাত্রা

ছবি: দিনাজপুর টিভি নিজস্ব প্রতিবেদক

গ্রেট স্পোর্টস ফেস্টিভ্যাল ২০২৬ ফুটবল বিশ্বকাপকে ঘিরে ফুটবল উন্মাদনায় মেতেছে দিনাজপুর। শহরের আর্জেন্টিনা ফ্যান ক্লাবের উদ্যোগে এক বর্ণাঢ্য ও দৃষ্টিনন্দন শোভাযাত্রা অনুষ্ঠিত হয়েছে। শুক্রবার বিকেলে শহরের ঐতিহ্যবাহী দিনাজপুর ইনস্টিটিউট প্রাঙ্গণ থেকে শোভাযাত্রাটি আনুষ্ঠানিকভাবে শুরু হয়।শহরের প্রধান প্রধান সড়ক প্রদক্ষিণ শেষে পুনরায় একই স্থানে এসে শোভাযাত্রাটি শেষ হয়।

প্রিয় দল আর্জেন্টিনার ফাইনালে ওঠার আনন্দকে ঘিরে আয়োজিত এই শোভাযাত্রায় শহরের বিভিন্ন শ্রেণি-পেশার ফুটবলপ্রেমীরা অংশ নেন। তরুণদের পাশাপাশি শিশু-কিশোর ও নারী সমর্থকদের স্বতঃস্ফূর্ত অংশগ্রহণে পুরো আয়োজন উৎসবমুখর হয়ে ওঠে। আকাশী-নীল জার্সি পরিহিত হাজারো সমর্থকের উপস্থিতিতে দিনাজপুর শহর যেন পরিণত হয়েছিল এক টুকরো আর্জেন্টিনায়।

শোভাযাত্রায় অর্ধশতাধিক মোটরসাইকেল, জাতীয় পতাকা, আকর্ষণীয় ব্যানার ও ফেস্টুনে সজ্জিত যানবাহনের বিশাল বহর অংশ নেয়। পুরো শহরজুড়ে সৃষ্টি হয় ফুটবল উন্মাদনার এক ব্যতিক্রমী আবহ। পথচারী ও সাধারণ মানুষের দৃষ্টি আকর্ষণ করে সমর্থকদের এই মিছিল।আয়োজকরা জানিয়েছেন, ফুটবল কেবল একটি খেলা নয়, এটি কোটি মানুষের আবেগ, ভালোবাসা ও ঐক্যের প্রতীক। 

প্রিয় দলের প্রতি ভালোবাসা প্রকাশ এবং স্থানীয় সমর্থকদের একত্রিত করতেই এই আয়োজন করা হয়েছে। সমর্থকদের প্রত্যাশা, কাতার বিশ্বকাপের সাফল্যের ধারাবাহিকতা বজায় রেখে এবারও আর্জেন্টিনা বিশ্বকাপ জয়ের গৌরব অর্জন করবে।ফুটবলপ্রেমীদের প্রাণবন্ত অংশগ্রহণে দিনাজপুরে আর্জেন্টিনা সমর্থকদের এই শোভাযাত্রা পরিণত হয় এক আনন্দঘন ও স্মরণীয় উৎসবে। জেলায় ফুটবলকে ঘিরে এমন ইতিবাচক আয়োজন স্থানীয় ক্রীড়ামোদিদের মধ্যে ব্যাপক উৎসাহ সৃষ্টি করেছে।