কুদ্দুস আরী খান
জুলাই ২৭, ২০২৬, ০২:৩৭ পিএম
ছবি: দিনাজপুর টিভি নিজস্ব প্রতিবেদক
দিনাজপুরের হাকিমপুর উপজেলার হিলিতে বিভিন্ন অনিয়ম ও অবৈধ পণ্য বিক্রির অপরাধে পাঁচটি ব্যবসায়িক প্রতিষ্ঠানকে মোট আট হাজার টাকা জরিমানা করেছে জাতীয় ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদপ্তর। সোমবার দুপুরে শহরের সিপি রোড ও হিলি বাজারে বিশেষ অভিযান পরিচালনা করে এই জরিমানার দণ্ড আরোপ করা হয়।
হিলি এলাকায় বাজার তদারকি ও ভোক্তা অধিকার সুরক্ষায় অধিদপ্তর এই সতর্কতামূলক ব্যবস্থা গ্রহণ করে।ভোক্তা অধিকার রক্ষা ও বাজার নিয়ন্ত্রণে নিয়মিত এই অভিযান চালানো হয়।অভিযান পরিচালনা করেন জাতীয় ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদপ্তর দিনাজপুর জেলা কার্যালয়ের সহকারী পরিচালক বোরহান উদ্দিন।
তিনি জানান, নোংরা ও অস্বাস্থ্যকর পরিবেশে খাবার পরিবেশনের অপরাধে দুটি খাবার হোটেল মালিককে চার হাজার টাকা জরিমানা করা হয়। একই সময়ে সরকারি অনুমোদনহীন ও আমদানি নিষিদ্ধ যৌন উত্তেজক পানীয় রেড বুল বিক্রির অপরাধে আরও তিনটি দোকানকে চার হাজার টাকা জরিমানা করা হয়েছে। জব্দ করা নিষিদ্ধ পানীয়গুলো তাৎক্ষণিকভাবে জনসম্মুখে ধ্বংস করে অধিদপ্তর।