রবিবার, ০৪ অক্টোবর, ২০২৬,

দিনাজপুরে নারী ও শিশু নির্যাতনের প্রতিবাদে মানববন্ধন

নিজস্ব প্রতিবেদক

আগস্ট ১৬, ২০২৬, ০৬:৫৪ পিএম

দিনাজপুরে নারী ও শিশু নির্যাতনের প্রতিবাদে মানববন্ধন

ছবি: দিনাজপুর টিভি নিজস্ব প্রতিবেদক

সারাদেশে নারী ও শিশু নির্যাতনের প্রতিবাদ এবং অপরাধীদের দৃষ্টান্তমূলক শাস্তির দাবিতে দিনাজপুরে মানববন্ধন কর্মসূচি পালন করা হয়েছে। রোববার (১৬ আগস্ট) বিকেলে শহরের মুন্সিপাড়ায় অবস্থিত হেমায়েত আলী পাবলিক লাইব্রেরির সামনের সড়কে বাংলাদেশ মহিলা পরিষদ দিনাজপুর জেলা শাখা এই কর্মসূচির আয়োজন করে।

মানববন্ধনে বক্তারা অভিযোগ করেন, দেশজুড়ে নারী ও শিশুদের ওপর নির্যাতন, ধর্ষণ এবং হত্যার মতো জঘন্য অপরাধের মাত্রা উদ্বেগজনক হারে বৃদ্ধি পেয়েছে। আইনি ও সামাজিক নানা প্রতিবন্ধকতার সুযোগ নিয়ে অপরাধীরা সহজেই পার পেয়ে যাচ্ছে বলে মন্তব্য করেন তারা। এসব অপরাধে জড়িতদের অবিলম্বে শনাক্ত করে দ্রুত বিচার নিশ্চিত করার জোর দাবি জানানো হয়। পাশাপাশি সমাজের সর্বস্তরে নারী ও শিশুদের সুরক্ষায় কার্যকর সামাজিক প্রতিরোধ গড়ে তোলার আহ্বান জানান অংশগ্রহণকারীরা।

বাংলাদেশ মহিলা পরিষদ দিনাজপুর জেলা শাখার সহসভাপতি মিনতি ঘোষের সভাপতিত্বে আয়োজিত এই মানববন্ধনে বক্তব্য দেন সংগঠনের কেন্দ্রীয় কমিটির সহসভাপতি কানিজ রহমান। এছাড়া স্থানীয় জেলা শাখার সহসভাপতি মনোয়ারা সানু, রত্না মিত্র, সুমিত্রা বেসরা, সাধারণ সম্পাদক রুবিনা আকতার এবং অর্থ সম্পাদক শাহানাজ পারভীনসহ অন্যান্য নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন। নারী অধিকার সুরক্ষায় স্থানীয় নারী নেত্রীরাও এই কর্মসূচিতে স্বতঃস্ফূর্তভাবে অংশগ্রহণ করেন।