আগস্ট ১৬, ২০২৬, ০৭:১৯ পিএম
রুপালি মৎস্যে স্বনির্ভর দেশ, সবার আগে বাংলাদেশ’ প্রতিপাদ্যকে সামনে রেখে দিনাজপুরের বীরগঞ্জে জাতীয় মৎস্য পক্ষ ২০২৬ উদযাপিত হয়েছে। এই উপলক্ষে রোববার সকালে উপজেলা পরিষদ চত্বরের পুকুরে বিভিন্ন প্রজাতির মাছের পোনা অবমুক্ত করা হয়। মৎস্য সম্পদ বৃদ্ধির লক্ষ্যে আয়োজিত এই কর্মসূচিতে স্থানীয় প্রশাসনের কর্মকর্তা ও বিভিন্ন রাজনৈতিক দলের নেতৃবৃন্দ অংশ নেন।
পোনা অবমুক্তকরণের পর উপজেলা পরিষদ চত্বর থেকে একটি বর্ণাঢ্য র্যালি বের করা হয়। র্যালিটি প্রধান প্রধান সড়ক প্রদক্ষিণ করে পুনরায় একই স্থানে এসে শেষ হয়। পরে উপজেলা পরিষদ সভাকক্ষে জাতীয় মৎস্য পক্ষের আনুষ্ঠানিক উদ্বোধন ও এক আলোচনা সভা অনুষ্ঠিত হয়।
উপজেলা নির্বাহী অফিসার সুমা খাতুনের সভাপতিত্বে সভায় স্বাগত বক্তব্য ও সার্বিক কার্যক্রম তুলে ধরেন সিনিয়র উপজেলা মৎস্য কর্মকর্তা মো. ফজলে ইবনে কাওছার আলী। সভায় বক্তারা বলেন, দেশের আমিষের চাহিদা পূরণে এবং মৎস্য খাতে বিপ্লব ঘটাতে সরকারের পক্ষ থেকে নানা উদ্যোগ নেওয়া হয়েছে। সাধারণ মানুষকে মাছ চাষে উদ্বুদ্ধ করতে এবং আধুনিক প্রযুক্তির ব্যবহার বাড়াতে এই মৎস্য পক্ষ গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করবে।
অনুষ্ঠানে অন্যান্যদের মধ্যে উপস্থিত ছিলেন উপজেলা বিএনপির সাধারণ সম্পাদক আলহাজ্ব জাকির হোসেন ধলু, পৌর বিএনপি সভাপতি আলহাজ্ব আমিরুল বাহার, জেলা বিএনপির উপদেষ্টা রেজওয়ানুল ইসলাম রিজু, পৌর বিএনপি সাধারণ সম্পাদক নমিরুল ইসলাম চৌধুরী সেনা এবং যুবদল সদস্য সচিব তানভীর চৌধুরী। এছাড়া স্থানীয় মৎস্যজীবী, মৎস্য চাষী ও বিভিন্ন পর্যায়ের গণ্যমান্য ব্যক্তিবর্গ আলোচনা সভায় অংশগ্রহণ করেন।

দিনাজপুর টিভির সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন