রবিবার, ১৮ অক্টোবর, ২০২৬,

সাবেক মন্ত্রী বাবু সতীশ চন্দ্র রায় পরলোক গমন করেছেন

মো: মামুনুর রশিদ

আগস্ট ১৮, ২০২৬, ১১:২৮ পিএম

সাবেক মন্ত্রী বাবু সতীশ চন্দ্র রায় পরলোক গমন করেছেন

ছবি: দিনাজপুর টিভি নিজস্ব প্রতিবেদক

বাংলাদেশ আওয়ামী লীগের প্রেসিডিয়াম সদস্য, সাবেক মৎস্য ও প্রাণিসম্পদ প্রতিমন্ত্রী এবং সাবেক প্রাথমিক ও গণশিক্ষা মন্ত্রী বাবু সতীশ চন্দ্র রায় পরলোক গমন করেছেন। বার্ধক্যজনিত নানা জটিলতায় ভুগে তিনি শেষ নিঃশ্বাস ত্যাগ করেন। তাঁর এই প্রয়াণের খবরে রাজনৈতিক অঙ্গনসহ তাঁর জন্মস্থান দিনাজপুরের বিরল এলাকায় গভীর শোকের ছায়া নেমে এসেছে।প্রবীণ এই নেতার প্রয়াণে রাজনৈতিক মহলে শোকের মাতম চলছে।

পারিবারিক সূত্র জানায়, দীর্ঘ রাজনৈতিক জীবনে সতীশ চন্দ্র রায় অত্যন্ত নিষ্ঠা ও সততার সঙ্গে দায়িত্ব পালন করেছেন। তিনি ছিলেন মহান মুক্তিযুদ্ধের অন্যতম একজন সংগঠক। তৎকালীন দিনাজপুর-৭ ও দিনাজপুর-২ আসন থেকে তিনি একাধিকবার সংসদ সদস্য নির্বাচিত হয়ে দেশ ও জনগণের কল্যাণে কাজ করেছেন। একজন পরিচ্ছন্ন ও জনবান্ধব রাজনীতিবিদ হিসেবে দলীয় সীমানা ছাড়িয়ে সব মহলেই তাঁর ব্যাপক গ্রহণযোগ্যতা ছিল।

তাঁর মৃত্যুর সংবাদ ছড়িয়ে পড়ার সঙ্গে সঙ্গেই বিভিন্ন রাজনৈতিক দল, সামাজিক সংগঠন ও সাধারণ মানুষ শোক প্রকাশ করতে শুরু করেন। শোকসন্তপ্ত পরিবারের প্রতি সমবেদনা জানিয়েছেন বিভিন্ন পর্যায়ের নেতৃবৃন্দ। তাঁর বিদেহী আত্মার চিরশান্তি কামনা করে দেশবাসীর কাছে প্রার্থনা ও আশীর্বাদ চাওয়া হয়েছে।পরিবার সূত্রে আরও জানানো হয়েছে, প্রয়াত এই নেতার শেষকৃত্য ও অন্ত্যেষ্টিক্রিয়া সম্পন্ন করার সুনির্দিষ্ট সময়সূচি পরবর্তীতে আনুষ্ঠানিকভাবে জানানো হবে।