শুক্রবার, ০৯ অক্টোবর, ২০২৬,

আলোকিত মানুষ গড়তে সাংস্কৃতিক চর্চার বিকল্প নেই

মো: মামুনুর রশিদ

আগস্ট ২২, ২০২৬, ১২:৪১ পিএম

আলোকিত মানুষ গড়তে সাংস্কৃতিক চর্চার বিকল্প নেই

ছবি: দিনাজপুর টিভি নিজস্ব প্রতিবেদক

দিনাজপুর পৌরসভার প্রশাসক উপসচিব শেখ হাফিজুর রহমান বলেছেন, সন্তানদের আলোকিত মানুষ হিসেবে গড়ে তুলতে প্রাতিষ্ঠানিক পড়াশোনার পাশাপাশি সাংস্কৃতিক চর্চার কোনো বিকল্প নেই। বাংলা গান ও বাঙালিত্বকে লালন করার মধ্য দিয়ে সুস্থ সমাজ গঠন সম্ভব। সম্প্রতি দিনাজপুর নিমতলাস্থ ভৈরবী কার্যালয়ে শিল্পীদের পরিবেশনায় চিরায়ত বাংলা গানের আসর অনুষ্ঠানে তিনি এ কথা বলেন।

সংস্কৃতির চর্চায় তরুণ প্রজন্মের সম্পৃক্ততা বৃদ্ধি প্রয়োজন।ভৈরবীর সভাপতি বিশিষ্ট উচ্চাঙ্গ সঙ্গীত শিল্পী উস্তাদ সুনীল মজুমদারের সভাপতিত্বে অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন অতিরিক্ত জেলা প্রশাসক মো. মাঝহারুল ইসলাম, কবি ও প্রাবন্ধিক মাসুদ মুস্তাফিজ, কবি ও গবেষক কামরুজ্জামান গোপন, নাট্যকার টিটো রেদওয়ান এবং কবি চাষা হাবীব। বক্তারা বলেন, সুস্থ সংস্কৃতি অন্যায় ও অপসংস্কৃতি প্রতিহত করার সবচেয়ে শক্তিশালী হাতিয়ার। তাই বাঙালীর শেকড় সন্ধানে এই চর্চা হৃদয়ে লালন করা জরুরি।

অনুষ্ঠানে গণসঙ্গীত শিল্পী সৈয়দ মাসুম রেজা ও ভৈরবীর একঝাঁক শিল্পী বিভিন্ন জনপ্রিয় বাংলা গান পরিবেশন করেন। দর্শকদের সুরের মূর্ছনায় মুগ্ধ করে অনুষ্ঠানটি এক নান্দনিক সন্ধ্যায় রূপ নেয়। অনুষ্ঠানে স্থানীয় সাংস্কৃতিক ব্যক্তিবর্গ ও সঙ্গীতপ্রেমী মানুষের উপস্থিতি ছিল লক্ষ্যণীয়। দিনশেষে সুস্থ বিনোদনের মাধ্যমে সমাজকে সুন্দর করার প্রত্যয় ব্যক্ত করেন আয়োজকরা।