শুক্রবার, ১৮ সেপ্টেম্বর, ২০২৬,

দিনাজপুরে মাদকের বিরুদ্ধে এলাকাবাসীর বিক্ষোভ মিছিল

মো: মামুনুর রশিদ

সেপ্টেম্বর ১৮, ২০২৬, ০৩:২২ পিএম

দিনাজপুরে মাদকের বিরুদ্ধে এলাকাবাসীর বিক্ষোভ মিছিল

ছবি: দিনাজপুর টিভি

দিনাজপুর শহরের ১০ নম্বর ওয়ার্ডের পশ্চিম বালুয়াডাঙ্গা হঠাৎপাড়া এলাকায় মাদকের বিরুদ্ধে বিক্ষোভ মিছিল ও সমাবেশ করেছেন স্থানীয় বাসিন্দারা। শুক্রবার জুমার নামাজের পর মসজিদ কমিটির সদস্য, যুবসমাজ ও সাধারণ নারীদের যৌথ উদ্যোগে এই প্রতিবাদ কর্মসূচি পালিত হয়। ঈদগাহ মাঠ মসজিদের সামনে থেকে বিক্ষোভ মিছিলটি বের করা হয়।

মিছিল চলাকালে নানা বয়সী নারী-পুরুষ ও যুবকরা অংশ নেন। এ সময় তারা সমস্বরে স্লোগান দেন, টাকা লাগলে টাকা নে, তবু মাদক ছেড়ে দে; ফেতরা লাগলে ফেতরা নে, তবু মাদক ছেড়ে দে। মাদকবিরোধী নানা স্লোগানে পুরো এলাকা মুখর হয়ে ওঠে। মিছিল শেষে স্থানীয় নারীরা জানান, হঠাৎপাড়া এলাকায় প্রতি শুক্রবার জুমার নামাজের পর তারা মাদকের বিরুদ্ধে জনসচেতনতা তৈরির লক্ষ্যে নিয়মিত এই কর্মসূচি পালন করে আসছেন। তবে মাদক কারবার পুরোপুরি বন্ধ করতে স্থানীয় প্রশাসন ও পুলিশের কার্যকর সহযোগিতা আরও জোরদার করা প্রয়োজন বলে তারা মত প্রকাশ করেন।

কর্মসূচিতে অংশ নেওয়া এক নারী বলেন, পূর্বে প্রতি শুক্রবারের মিছিলে বহু পুরুষ অংশ নিতেন, কিন্তু বর্তমানে পুরুষের উপস্থিতি কমে গেছে। পাশাপাশি পুলিশের পক্ষ থেকেও তারা কাঙ্ক্ষিত তৎপরতা দেখতে পাচ্ছেন না বলে অভিযোগ তোলেন। পুলিশ সক্রিয় ভূমিকা রাখলে এই এলাকা থেকে মাদক কারবার চিরতরে বন্ধ করা সম্ভব বলে তিনি দাবি করেন।

আরেকজন নারী ক্ষোভ প্রকাশ করে বলেন, মাদকের বিস্তারে যুবসমাজ ধ্বংসের মুখে পতিত হচ্ছে। এখনই কঠোর ব্যবস্থা না নিলে ভবিষ্যৎ প্রজন্ম ভয়াবহ ক্ষতির মুখে পড়বে। যুবকদের পাশাপাশি কোমলমতি শিশুরাও মাদকাসক্তির ঝুঁকিতে রয়েছে বলে তিনি উল্লেখ করেন। মাদক নির্মূলে শুধু এই এলাকা নয়, পুরো দেশজুড়ে সবাইকে ঐক্যবদ্ধভাবে মাঠে নামার আহ্বান জানান তিনি। বিক্ষোভকারীরা জানান, মাদক একটি পরিবার ও সমাজকে ভেতর থেকে শেষ করে দেয়। মাদক চক্রকে নির্মূল করতে নিয়মিত সাঁড়াশি অভিযান পরিচালনার পাশাপাশি জড়িতদের দ্রুত আইনের আওতায় এনে দৃষ্টান্তমূলক শাস্তির দাবি জানিয়েছেন স্থানীয়রা।