সোমবার, ২৮ সেপ্টেম্বর, ২০২৬,

খানসামায় প্রায় ৬৮ কেজি গাঁজাসহ আটক ১

দিনাজপুর টিভি ডেস্ক

সেপ্টেম্বর ১৭, ২০২৫, ০৩:২৪ পিএম

খানসামায় প্রায় ৬৮ কেজি গাঁজাসহ আটক ১

ছবি - সংগৃহীত

দিনাজপুরের খানসামায় প্রায় ৬৮ কেজি গাঁজাসহ আকিবুল ইসলাম (৫০) নামের এক মাদক ব্যবসায়ীকে আটক করেছে থানা পুলিশ। আটক আকিবুল ওই এলাকার মৃত হাফেজ উদ্দিনের ছেলে।

মঙ্গলবার (১৬ সেপ্টেম্বর) দিবাগত রাত ১২টার দিকে উপজেলার ভাবকী ইউনিয়নের মারগাঁও তফির মেম্বার পাড়া এলাকায় আকিবুলের নিজ বাড়ি থেকে তাকে আটক করা হয়।

এ সময় তার শোবার ঘর থেকে একটি স্টিলের ট্রাংকে রাখা ৬৭.৪ কেজি গাঁজা জব্দ করে পুলিশ। উদ্ধারকৃত গাঁজার আনুমানিক বাজারমূল্য প্রায় ১০ লাখ টাকা।

খানসামা থানার অফিসার ইনচার্জ (ওসি) নজমূল হকের নেতৃত্বে এসআই মোস্তাক বিল্লাহ, এসআই আলমাস, এএসআই শরিফুল ও এএসআই আব্দুর রউফসহ সঙ্গীয় ফোর্স এই অভিযান পরিচালনা করেন। অভিযান চলাকালে চিরিরবন্দর উপজেলার নশরতপুর বটিকাটা পাড়া এলাকার আজাহার আলী (৫০) পালিয়ে যায় বলে জানিয়েছে পুলিশ।

এ বিষয়ে ওসি নজমূল হক বলেন, "গোপন সংবাদের ভিত্তিতে আকিবুল ইসলামকে আটক করা হয়েছে। বুধবার দুপুরে তাকে বিজ্ঞ আদালতে প্রেরণ করা হয়েছে। মাদকের বিরুদ্ধে আমাদের চলমান অভিযান অব্যাহত থাকবে।"

থানা পুলিশের এই সফল অভিযানে সন্তোষ প্রকাশ করে উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) ও উপজেলা আইনশৃঙ্খলা কমিটির সভাপতি কামরুজ্জামান সরকার বলেন, "আইনশৃঙ্খলা রক্ষায় মাদকবিরোধী এ ধরনের অভিযান অব্যাহত রাখতে উপজেলা প্রশাসন সহযোগিতা করবে।"