ফাহিম হোসেন রিজু
অক্টোবর ১৯, ২০২৫, ০৯:০৬ পিএম
ছবি - সংগৃহীত
বিএনপির স্থায়ী কমিটির সদস্য ডা. এ জেড এম জাহিদ হোসেন বলেছেন, "রাজনীতিকে রাজনীতির জায়গায় রাখবেন, ধর্মকে ধর্মের জায়গায় রাখবেন। তাহলে কোনো বিশৃঙ্খলা হবে না।" তিনি বলেন, যারা ধর্মীয় বিশ্বাসের সঙ্গে রাজনীতির প্রতীককে মিশিয়ে মানুষকে প্রলোভিত করে, তারা মানুষের ঈমানকে দুর্বল করার চেষ্টা করে।
রবিবার (১৯ অক্টোবর) বিকেল ৩টায় দিনাজপুরের ঘোড়াঘাট উপজেলার পালশা ইউনিয়নের ডুগডুগিহাট কলেজ মাঠে পালশা ইউনিয়ন বিএনপির আয়োজনে অনুষ্ঠিত কর্মী সম্মেলনে প্রধান অতিথির বক্তব্যে তিনি এই মন্তব্য করেন।ডা. জাহিদ হোসেন বলেন, "আমরা যদি আমল সঠিকভাবে না করি, তাহলে কোনো মার্কায় ভোট দিলে স্বর্গে যাওয়া যাবে—এই কথাটি ঠিক নয়।
এই বিষয়ে আপনারা সবাই খুব সাবধানে থাকবেন।" তিনি আরও বলেন, "আমরা যেটি বলতে চাই, আমাদের কথা এবং কাজে মিল আছে।"উপজেলা পালশা ইউনিয়ন বিএনপির সভাপতি একে এম মনিরুজ্জামান মিঠু সিদ্দিকীর সভাপতিত্বে এবং সাধারণ সম্পাদক মনসুর আলী মাস্টারের সঞ্চালনায় অনুষ্ঠিত এই সম্মেলনে হাজার হাজার নেতাকর্মী বিভিন্ন ওয়ার্ড থেকে এসে যোগ দেন।
কর্মী সম্মেলনে বিশেষ অতিথির বক্তব্য রাখেন উপজেলা বিএনপির সভাপতি শাহ মো. শামীম হোসেন চৌধুরী, পৌর বিএনপির সভাপতি আব্দুস সাত্তার মিলন, উপজেলা বিএনপির সাধারণ সম্পাদক আবু সাইদ মিয়াসহ অন্যান্য নেতৃবৃন্দ। অনুষ্ঠানে পৌর বিএনপি ও তার অঙ্গ সহযোগী সংগঠনের নেতাকর্মীরা উপস্থিত ছিলেন।