অক্টোবর ২৯, ২০২৫, ০৪:৩৪ পিএম
আমাদের দেশে পরিবেশ দূষণ নিয়ন্ত্রণে সিস্টেমের দুর্বলতা ও সচেতনতার অভাব রয়েছে,"— মন্তব্য করেছেন দিনাজপুর জেলা প্রশাসক মো. রফিকুল ইসলাম।বুধবার (২৯ অক্টোবর) দিনাজপুর সার্কিট হাউস সম্মেলন কক্ষে বাংলাদেশ ক্ষুদ্র ও কুটির শিল্প কর্পোরেশন (বিসিক) দিনাজপুর জেলা কার্যালয়ের আয়োজনে এক সেমিনারে প্রধান অতিথির বক্তব্যে তিনি এ কথা বলেন।
"হালকা প্রকৌশল শিল্পের উৎপাদনে ব্যবহৃত কাঁচামাল অথবা নির্গত বর্জ্য নিষ্কাশনে পরিবেশের উপর প্রভাব এবং দূষণ নিয়ন্ত্রণ করণীয়" শীর্ষক এই সেমিনারে জেলা প্রশাসক বলেন, "হালকা প্রকৌশল শিল্পের উৎপাদনে বায়ু দূষণ একটি বড় সমস্যা। শিল্পের উৎপাদনে ব্যবহৃত নির্গত বর্জ্য নিষ্কাশনে পরিবেশের উপর যথেষ্ট প্রভাব ফেলছে। ফলে মানুষ জটিল রোগে আক্রান্ত হচ্ছে এবং জীববৈচিত্র্য ও মানব স্বাস্থ্যের ক্ষতি বাড়ছে।"তিনি আরও বলেন, "এছাড়া মাটি দূষণ, শব্দ দূষণ, পানি দূষণের ফলে পরিবেশ দূষিত হচ্ছে। এ থেকে পরিত্রাণ পেতে সবাইকে একসাথে পরিবেশ দূষণ রোধে কাজ করতে হবে।"
বিসিক জেলা কার্যালয় দিনাজপুরের উপমহাব্যবস্থাপক মো. জাহেদুল ইসলামের সভাপতিত্বে সেমিনারে বিশেষ অতিথি হিসেবে বক্তব্য রাখেন দিনাজপুরের পুলিশ সুপার মো. মারুফাত হুসাইন, বিসিক ঢাকা উপকরণ শাখার উপমহাব্যবস্থাপক প্রকৌশলী মো. সামিউল ইসলাম এবং বিসিক আঞ্চলিক কার্যালয় রাজশাহীর আঞ্চলিক পরিচালক জাফর বায়জীদ।
সেমিনারে স্বাগত বক্তব্য রাখেন বিসিক জেলা কার্যালয় দিনাজপুরের উপব্যবস্থাপক চারু চন্দ্র বর্মন। মূল প্রবন্ধ উপস্থাপন করেন হাজী মোহাম্মদ দানেশ বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের (হাবিপ্রবি) ডিপার্টমেন্ট অব এগ্রোফরেস্ট্রি অ্যান্ড এনভায়রনমেন্টের চেয়ারম্যান প্রফেসর ড. মো. শোয়াইবুর রহমান।
মুক্ত আলোচনায় অংশ নেন পরিবেশ অধিদপ্তরের পক্ষে প্রভাতি রানী, ভোক্তা অধিকার সংরক্ষণ কর্মকর্তা মো. বোরহান উদ্দিন, সাবেক কাউন্সিলর আশরাফুজ্জামান বাবু, উত্তরণ ইঞ্জিনিয়ারিং ওয়ার্কসের রাশেদ উল ইসলাম, চেম্বারের পরিচালক মোর্শেদ সুমন, বিএসটিআই জেলা কর্মকর্তা মো. হাবিবুর রহমান ও পাটোয়ারী বিজনেস হাউজের ব্যবস্থাপনা পরিচালক শহিদুর রহমান পাটোয়ারী মোহন।অনুষ্ঠানটি সঞ্চালনা করেন বিসিক জেলা কার্যালয়ের হিসাবরক্ষণ কর্মকর্তা মো. আনোয়ার হোসেন।


দিনাজপুর টিভির সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন