বুধবার, ৩০ সেপ্টেম্বর, ২০২৬,

বীরগঞ্জে উৎসাহ-উদ্দীপনায় ৫৪তম জাতীয় সমবায় দিবস পালিত

মোঃ আরিফ ইসলাম

নভেম্বর ১, ২০২৫, ০১:১৬ পিএম

বীরগঞ্জে উৎসাহ-উদ্দীপনায় ৫৪তম জাতীয় সমবায় দিবস পালিত

দিনাজপুরের বীরগঞ্জ উপজেলায় যথাযোগ্য মর্যাদা ও উৎসাহ-উদ্দীপনার মধ্য দিয়ে পালিত হয়েছে ৫৪তম জাতীয় সমবায় দিবস-২০২৫।

“সাম্য ও সমতা, দেশ গড়বে সমবায়” এই প্রতিপাদ্যকে সামনে রেখে শনিবার (১ নভেম্বর) সকাল ১০টায় উপজেলা প্রশাসন ও সমবায় বিভাগ, বীরগঞ্জের উদ্যোগে উপজেলা পরিষদ সম্মেলন কক্ষে আলোচনা সভা অনুষ্ঠিত হয়। অনুষ্ঠানটি মো. ইউসুফ আলীর সঞ্চালনায় পরিচালিত হয়।

অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন উপজেলা নির্বাহী অফিসার (ইউএনও) মো. তানভীর আহমেদ। সভার সভাপতিত্ব করেন উপজেলা সমবায় কর্মকর্তা মো. আহাত আলী মন্ডল। এছাড়াও উপস্থিত ছিলেন বিভিন্ন সমবায় সমিতির সভাপতি, সম্পাদক, জনপ্রতিনিধি, শিক্ষক, সাংবাদিক ও স্থানীয় বিশিষ্টজনেরা।

প্রধান অতিথি মো. তানভীর আহমেদ বলেন, “সমবায়ের মূল দর্শন হলোÑ ‘একজনের কল্যাণে সবার কল্যাণ’। সমাজে সাম্য ও ন্যায় প্রতিষ্ঠার জন্য সমবায়ের চেতনাকে জাগ্রত করতে হবে।” তিনি আরও বলেন, বীরগঞ্জে সমবায় কার্যক্রমকে আরও গতিশীল করতে প্রশাসনের পক্ষ থেকে সবধরনের সহযোগিতা অব্যাহত থাকবে।

এ সময় বক্তারা আরও বলেন, “সমবায় শুধু অর্থনৈতিক উন্নয়ন নয়, সামাজিক বন্ধন সুদৃঢ় করারও মাধ্যম।” তারা প্রত্যেক নাগরিককে নিজ নিজ কর্মক্ষেত্রে সমবায়ের নীতি ও চেতনা বাস্তবায়নের আহ্বান জানান।

সভায় সফল সমবায় সমিতি হিসেবে ঝলঝলী বহুমুখী সমবায় সমিতি, গুড নেইবারস মহিলা সঞ্চয় ও ঋণ সমবায় সমিতি এবং জামতলী বহুমুখী সমবায় সমিতির প্রতিনিধিদের হাতে সম্মাননা ক্রেস্ট প্রদান করা হয়।