মোঃ ইউসুফ আলী
নভেম্বর ১, ২০২৫, ০৫:৩৭ পিএম
ছবি-দিনাজপুর টিভি
সাম্য ও সমতায়-দেশ গড়বে সমবায়"— এই প্রতিপাদ্যকে সামনে রেখে দিনাজপুরে নানা কর্মসূচির মধ্য দিয়ে ৫৪তম জাতীয় সমবায় দিবস-২০২৫ উদযাপন করা হয়েছে। শনিবার (১ নভেম্বর) সকালে জেলা প্রশাসন ও সমবায় বিভাগের যৌথ আয়োজনে দিবসটি উপলক্ষে পতাকা উত্তোলন, বর্ণাঢ্য র্যালি, আলোচনা সভা ও পুরস্কার বিতরণী অনুষ্ঠিত হয়।কর্মসূচির শুরুতে দিনাজপুর জেলা প্রশাসকের কার্যালয় চত্বরে জাতীয় ও সমবায় পতাকা উত্তোলন করেন জেলা প্রশাসক মোঃ রফিকুল ইসলাম, জেলা পুলিশ সুপার মোঃ মারুফাত হুসাইন ও জেলা সমবায় অফিসার মোঃ আব্দুস সবুর।
পরে জেলা প্রশাসকের নেতৃত্বে একটি বর্ণাঢ্য র্যালি শহরের প্রধান সড়ক প্রদক্ষিণ শেষে জেলা প্রশাসকের সম্মেলন কক্ষে আলোচনা সভায় মিলিত হয়। র্যালিতে বিভিন্ন সমবায় সমিতির সদস্য ও সংগঠনের প্রতিনিধিরা অংশ নেন।জেলা প্রশাসকের সম্মেলন কক্ষে অনুষ্ঠিত আলোচনা সভায় প্রধান অতিথির বক্তব্যে জেলা প্রশাসক মোঃ রফিকুল ইসলাম বলেন, "কর্মসংস্থানের অভাবে আমাদের দেশে দিন দিন অপরাধ বেড়ে যাচ্ছে। তাই সমবায়ের মাধ্যমে অনেককে উদ্যোক্তা বা খামারি হওয়ার আগ্রহ দেখাতে পারি। ছেলে-মেয়েদের চাকরি করার স্বপ্ন না দেখিয়ে উদ্যোক্তা বা মালিক হওয়ার স্বপ্ন দেখান।"
বিশেষ অতিথির বক্তব্যে জেলা পুলিশ সুপার মোঃ মারুফাত হুসাইন বলেন, "সকল প্রতিষ্ঠান একযোগে কাজ করলে দেশের অর্থনীতির চাকা সচল থাকে। সমাজের প্রতিটি পেশার মানুষের গুরুত্ব আছে। এজন্য কাউকে ছোট করে দেখা যাবে না। এখানেই সাম্য প্রতিষ্ঠা করতে হবে।"
সভাপতির বক্তব্যে জেলা সমবায় অফিসার মোঃ আব্দুস সবুর জানান, দিনাজপুর জেলায় বর্তমানে মোট ১,৫৯৮টি সমবায় সমিতি রয়েছে, যার সদস্য সংখ্যা ১,৭১,২৬২ জন। এসব সমিতির মোট মূলধন প্রায় ২৮১ কোটি ৯৮ লক্ষ টাকা এবং স্থায়ী-অস্থায়ী সম্পদের মূল্য প্রায় ১১৫ কোটি ৮১ লক্ষ টাকা। তিনি বলেন, "আমরা প্রকল্প ভিত্তিক সমিতি গঠন, প্রশিক্ষণ প্রদান এবং বিনা সুদে ঋণ বিতরণের মাধ্যমে সমাজের দরিদ্র ও বেকার জনগোষ্ঠীকে স্বাবলম্বী করতে কাজ করে যাচ্ছি।"
সদর উপজেলা সমবায় অফিসার মোঃ হাফিজুর ইসলামের সঞ্চালনায় অনুষ্ঠানে সমবায়ীদের পক্ষে বক্তব্য রাখেন উত্তর ফরিদপুর ইউনাইটেড কো-অপারেটিভ সোসাইটি লিমিটেডের চেয়ারম্যান মোঃ আহসান হাবীব, সুইহারী খ্রিষ্টান কো-অপারেটিভ ক্রেডিট ইউনিয়নের চেয়ারম্যান হিলারিউস কর্মকার প্রমুখ।
আলোচনা সভা শেষে দিনাজপুর জেলায় পাঁচটি ক্যাটাগরিতে শ্রেষ্ঠ সমবায় সমিতিকে সম্মাননা ক্রেস্ট ও সনদপত্র তুলে দেওয়া হয়। সম্মাননাপ্রাপ্তরা হলেন: গুডনেইবারস সেতাবগঞ্জ কৃষি সমবায় সমিতি (কৃষি), সুইহারী খ্রিষ্টান কো-অপারেটিভ ক্রেডিট ইউনিয়ন (সঞ্চয় ও ঋণদান), গুডনেইবারস বীরগঞ্জ মহিলা সঞ্চয় ও ঋণদান সমবায় সমিতি (মহিলা), ঝালঝলী বহুমুখী সমবায় সমিতি (বহুমুখী) এবং উত্তর ফরিদপুর ইউনাইটেড কো-অপারেটিভ সোসাইটি লিমিটেড (বিশেষ শ্রেণী)।
এছাড়াও, 'উন্নত জাতের গাভী পালনের মাধ্যমে সুবিধাবঞ্চিত মহিলাদের ভাগ্য উন্নয়ন' প্রকল্পের আওতায় পাঁচটি সমবায় সমিতিকে মোট ৫ লক্ষ টাকার ঋণের চেক প্রদান করা হয়।