আতিউর রহমান
নভেম্বর ৭, ২০২৫, ০৫:৫৩ পিএম
দিনাজপুর-২ (বিরল-বোচাগঞ্জ) আসনে বাংলাদেশ জাতীয়তাবাদী দল (বিএনপি)-এর ৩ জন কারা-নির্যাতিত মনোনয়ন প্রত্যাশী নেতা অন্যান্য নেতাকর্মীদের সাথে নিয়ে শুক্রবার (৭ নভেম্বর) সকালে জাতীয় বিপ্লব ও সংহতি দিবস উদযাপন করেছেন। তবে এই সভা শুরুর আগে সদ্য মনোনয়ন পাওয়া প্রার্থীর বিরুদ্ধে বিক্ষোভ মিছিল ও অবস্থান কর্মসূচি পালন করেন দলের একটি অংশ।একই মঞ্চে ৩ নেতার ঐক্য
বিরল কেন্দ্রীয় শহীদ মিনার চত্বরে আয়োজিত সভায় দিনাজপুর-২ আসনের বিএনপি'র মনোনয়ন প্রত্যাশী জেলা বিএনপি'র সহসভাপতি মোজাহারুল ইসলাম, জেলা বিএনপি'র যুগ্ম সাধারণ সম্পাদক আ ন ম বজলুর রশিদ কালু এবং জেলা বিএনপি'র শিক্ষা বিষয়ক সম্পাদক অধ্যাপক মঞ্জুরুল ইসলাম একই মঞ্চে উপস্থিত ছিলেন।
তারা হাজার হাজার জনতার উদ্দেশ্যে বলেন, আগামী জাতীয় সংসদ নির্বাচনে ধানের শীষ প্রতীকের প্রার্থীকে বিজয়ী করতে হবে। বিএনপি চেয়ারপারসন দেশনেত্রী বেগম খালেদা জিয়া ও ভারপ্রাপ্ত চেয়ারম্যান দেশনায়ক তারেক রহমানের হাতকে শক্তিশালী করতে হবে। আগামীতে যেন ফ্যাসিস্টরা মাথাচাড়া দিয়ে না উঠতে পারে, সকলকে সজাগ দৃষ্টি রাখতে হবে।আলোচনা সভার সভাপতিত্ব করেন পৌর বিএনপি'র ভারপ্রাপ্ত সভাপতি আসাদুল হক হিরা ও সঞ্চালনা করেন সহসভাপতি ইস্কান্দার হাসান।
বিক্ষোভ ও 'আওয়ামী লীগ দোসর' অভিযোগএর আগে সকাল ১০টা হতে পৌর এলাকার বিরল বাজার বকুলতলা মোড়ে কয়েক হাজার কর্মী-সমর্থক সাদা কাফনের কাপড় গায়ে জড়িয়ে রাস্তায় শুয়ে পড়েন। এসময় পুরো এলাকা 'আলহাজ্ব সাদিক রিয়াজ চৌধুরী পিনাককে মানি না, মানবো না' লেখা প্লেকার্ডে ছেয়ে যায়।পরে সমবেত নেতাকর্মীরা মৌন মিছিল নিয়ে পৌরশহরের গুরুত্বপূর্ণ সড়কসমূহ প্রদক্ষিণ করে শহীদ মিনার চত্বরে এসে আলোচনা সভায় মিলিত হন।
আন্দোলনকারীরা অভিযোগ করেন, সদ্য মনোনয়ন পাওয়া প্রার্থী আলহাজ্ব সাদিক রিয়াজ চৌধুরী পিনাক মনোনয়ন পাওয়ার পরই আওয়ামী লীগের প্রেসিডিয়াম সদস্য ও সাবেক প্রতিমন্ত্রী বাবু শ্রী সতিশ চন্দ্র রায়ের বাসভবনে গিয়ে সাক্ষাৎ করেছেন। এ কারণে তারা পিনাককে 'আওয়ামী লীগ দোসর' ও 'আওয়ামী লীগের সুবিধাভোগী ও পুনর্বাসনকারী' হিসেবে অভিযোগ করেন এবং তার মনোনয়ন বাতিলের দাবি জানান।