ফেব্রুয়ারি ২৫, ২০২৬, ১১:১৬ এএম
সৌদি আরব জনস্বাস্থ্য সুরক্ষা এবং খাদ্য নিরাপত্তা নিশ্চিত করার লক্ষে বাংলাদেশসহ বিশ্বের ৪০টি দেশ থেকে পোলট্রি ও ডিম আমদানি সাময়িকভাবে নিষিদ্ধ করেছে। সৌদি আরবের খাদ্য ও ওষুধ কর্তৃপক্ষ এক আনুষ্ঠানিক বিবৃতিতে জানিয়েছে যে, এসব দেশে উচ্চমাত্রার বার্ড ফ্লু বা এভিয়ান ইনফ্লুয়েঞ্জার প্রাদুর্ভাব দেখা দেওয়ায় জনস্বার্থ রক্ষায় এই কঠোর সিদ্ধান্ত নেওয়া হয়েছে।
আন্তর্জাতিক সংবাদমাধ্যম গালফ নিউজের এক প্রতিবেদনে এই তথ্য নিশ্চিত করা হয়েছে যা বিশ্বজুড়ে পোলট্রি রপ্তানিকারক দেশগুলোর মধ্যে নতুন করে উদ্বেগের সৃষ্টি করেছে।
নিষেধাজ্ঞার তালিকায় বাংলাদেশের পাশাপাশি প্রতিবেশী দেশ ভারতসহ আফগানিস্তান, জার্মানি, ইরান, চীন, যুক্তরাজ্য, মিশর ও জাপানের মতো গুরুত্বপূর্ণ দেশগুলোর নাম রয়েছে। পোলট্রি ও ডিম আমদানির ক্ষেত্রে এই কঠোর অবস্থান মূলত ভাইরাসের সংক্রমণ প্রতিরোধের একটি আগাম সতর্কতামূলক ব্যবস্থা।
তালিকায় থাকা দেশগুলো থেকে সরাসরি কোনো কাঁচা মাংস বা ডিম সৌদি আরবের বাজারে প্রবেশ করতে পারবে না। এছাড়া অস্ট্রেলিয়া, যুক্তরাষ্ট্র, ইতালি, ফ্রান্স, কানাডা এবং মালয়েশিয়াসহ ১৬টি দেশের নির্দিষ্ট কিছু অঞ্চল থেকে আংশিক আমদানি স্থগিত করার সিদ্ধান্তও জানানো হয়েছে।সৌদি কর্তৃপক্ষ স্পষ্টভাবে জানিয়েছে যে, বৈশ্বিক স্বাস্থ্য পরিস্থিতি এবং বার্ড ফ্লু প্রাদুর্ভাবের মাত্রা নিবিড়ভাবে পর্যবেক্ষণ করা হচ্ছে। পরিস্থিতির উন্নতি হলে এবং বিশ্বজুড়ে এভিয়ান ইনফ্লুয়েঞ্জার ঝুঁকি হ্রাস পেলে এই তালিকাটি নিয়মিত পর্যালোচনা করে প্রয়োজনীয় পরিবর্তন আনা হবে।
তবে বিশেষ ব্যবস্থায় তাপপ্রক্রিয়াজাত মুরগির মাংস বা সংশ্লিষ্ট অন্য পণ্যগুলো আমদানির সুযোগ রাখা হয়েছে। এক্ষেত্রে আমদানিকারক প্রতিষ্ঠানগুলোকে অবশ্যই নির্ধারিত আন্তর্জাতিক স্বাস্থ্যমান পূরণ করতে হবে। এছাড়া রপ্তানিকারক দেশের সরকার অনুমোদিত যথাযথ স্বাস্থ্য সনদ ও গুণগত মান নিশ্চিত করার দাপ্তরিক প্রমাণাদি দাখিল করা বাধ্যতামূলক করা হয়েছে। এই নিষেধাজ্ঞার ফলে সংশ্লিষ্ট দেশগুলোর পোলট্রি শিল্পে বড় ধরনের অর্থনৈতিক প্রভাব পড়ার আশঙ্কা করা হচ্ছে।


দিনাজপুর টিভির সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন