মার্চ ৭, ২০২৬, ০৯:৪৩ এএম
বিশ্ববাজারে অস্থিরতার মধ্যেই দেশের বাজারে স্বর্ণের দামে বড় ধরণের পতন ঘটেছে। টানা ছয়বার দাম বাড়ার পর এবার উল্লেখযোগ্য ব্যবধানে কমানো হয়েছে স্বর্ণ ও রুপার দাম। বাংলাদেশ জুয়েলার্স অ্যাসোসিয়েশন বা বাজুস শনিবারের জন্য স্বর্ণের নতুন এই দাম নির্ধারণ করেছে। সবশেষ সমন্বয় অনুযায়ী, ২২ ক্যারেটের প্রতি ভরি স্বর্ণের দাম ৯ হাজার ২১৪ টাকা কমানো হয়েছে।
এর আগে গত বুধবার এক বিজ্ঞপ্তির মাধ্যমে বাজুস এই সিদ্ধান্তের কথা জানায়, যা ওই দিন থেকেই কার্যকর হয়েছে। সেই ধারাবাহিকতায় আজ শনিবারও দেশের বাজারে নতুন মূল্যে স্বর্ণ বিক্রি হচ্ছে।
বাজুসের দেওয়া তথ্যমতে, বর্তমানে ২২ ক্যারেটের এক ভরি স্বর্ণের দাম নির্ধারণ করা হয়েছে ২ লাখ ৬৮ হাজার ২১৪ টাকা। দেশের বাজারে তেজাবি স্বর্ণ বা পিওর গোল্ডের দাম কমে যাওয়ার কারণেই এই সমন্বয় করা হয়েছে বলে জানিয়েছে সংগঠনটি। এর আগে স্বর্ণের বাজার ছিল অস্বাভাবিক ঊর্ধ্বমুখী।
গত শনিবার এবং সোমবার পরপর দুবার দাম বাড়িয়ে ২২ ক্যারেটের স্বর্ণের দাম ২ লাখ ৭৭ হাজার ৪২৮ টাকায় ঠেকিয়েছিল বাজুস। এক সপ্তাহের ব্যবধানে কয়েক দফা দাম বাড়ার পর এই বড় পতন সাধারণ ক্রেতা ও ব্যবসায়ীদের জন্য কিছুটা স্বস্তি নিয়ে এসেছে।চলতি বছরে এখন পর্যন্ত বাংলাদেশের বাজারে মোট ৩৭ বার স্বর্ণের দাম সমন্বয় করা হয়েছে। এর মধ্যে ২৪ বার দাম বাড়ানো হয়েছে এবং ১৩ বার কমানো হয়েছে।
গত সপ্তাহেও দুই দফায় প্রায় সাড়ে ৫ হাজার টাকা বাড়ানো হয়েছিল। বাজুস জানায়, আন্তর্জাতিক বাজারের সঙ্গে সামঞ্জস্য রেখে এবং স্থানীয় চাহিদার কথা বিবেচনা করে তারা নিয়মিত এই মূল্য নির্ধারণ করে থাকে। বর্তমান অস্থির বিশ্ব পরিস্থিতির মধ্যেও স্থানীয় বাজারে স্বর্ণের দামের এই পতনকে ইতিবাচক হিসেবে দেখছেন সংশ্লিষ্ট ব্যবসায়ীরা। তবে রুপার দামও স্বর্ণের সাথে পাল্লা দিয়ে কমানো হয়েছে বলে বিজ্ঞপ্তিতে উল্লেখ করা হয়েছে।


দিনাজপুর টিভির সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন