মঙ্গলবার, ২৯ সেপ্টেম্বর, ২০২৬,

বিশ্ববাজারে তেলের দাম ১০০ ডলারের মাইলফলক ছাড়াল

দিনাজপুর টিভি ডেস্ক

মার্চ ১৩, ২০২৬, ০৩:১০ পিএম

বিশ্ববাজারে তেলের দাম ১০০ ডলারের মাইলফলক ছাড়াল

তেলের দাম ১০০ ডলার পার

মধ্যপ্রাচ্যের ক্রমবর্ধমান যুদ্ধ পরিস্থিতিকে কেন্দ্র করে আন্তর্জাতিক বাজারে অপরিশোধিত তেলের দাম এক অভাবনীয় উচ্চতায় পৌঁছেছে। গত বৃহস্পতিবার বিশ্ববাজারে প্রতি ব্যারেল তেলের দাম ১০০ ডলারের মাইলফলক স্পর্শ করে যা বৈশ্বিক অর্থনীতিতে নতুন উদ্বেগের সৃষ্টি করেছে। ইরান ইতিমধ্যে হুঁশিয়ারি দিয়েছে যে যুক্তরাষ্ট্র ও ইসরায়েলের সামরিক হামলা বন্ধ না হলে তারা কৌশলগতভাবে গুরুত্বপূর্ণ হরমুজ প্রণালি পুরোপুরি বন্ধ করে দেবে। 

এমনটি ঘটলে তেলের দাম ব্যারেল প্রতি ২০০ ডলারে গিয়ে ঠেকতে পারে বলে আশঙ্কা করা হচ্ছে। এই অস্থিতিশীল পরিস্থিতির সুযোগ নিয়ে কয়েকটি দেশ ও বড় প্রতিষ্ঠান বড় ধরনের মুনাফা লুটে নিচ্ছে বলে মনে করছেন জ্বালানি বিশ্লেষকরা।

বিশেষ করে এই সংকটের ফলে রাশিয়া আর্থিকভাবে সবচেয়ে বেশি লাভবান হচ্ছে বলে জানিয়েছেন জ্বালানি বিশ্লেষক ক্রিস ওয়েফার। সংবাদমাধ্যম আল জাজিরাকে দেওয়া এক সাক্ষাৎকারে তিনি উল্লেখ করেন যে গত কয়েক মাস ধরে রাশিয়ার তেল রপ্তানি আয় কমে গিয়েছিল তবে বর্তমান পরিস্থিতি মস্কোর জন্য নতুন দুয়ার খুলে দিয়েছে। 

গত বছরের শেষ দিকে ওয়াশিংটনের আরোপ করা নিষেধাজ্ঞার কারণে রুশ তেল অনেক কম দামে বিক্রি করতে হয়েছিল। এক সময় ব্রেন্ট ক্রুড তেলের দাম ৬৫ ডলার থাকলেও রাশিয়াকে তা ৪৫ ডলারে বিক্রি করতে হয়েছিল। তবে বর্তমান উচ্চমূল্যের কারণে রাশিয়ার তেল এখন প্রায় বাজারদরের কাছাকাছি দামে বিক্রি হচ্ছে।পরিসংখ্যান অনুযায়ী গত সপ্তাহেই রাশিয়ার তেল রপ্তানি আয় প্রায় ৩ বিলিয়ন ডলার বৃদ্ধি পেয়েছে। তবে শুধু রাশিয়াই নয় বরং যুক্তরাষ্ট্রের তেলসমৃদ্ধ অঙ্গরাজ্যগুলোর উৎপাদকরাও এই পরিস্থিতি থেকে ব্যাপক মুনাফা অর্জনের অপেক্ষায় রয়েছে। 

এছাড়া অস্ট্রেলিয়া ও কানাডার মতো দেশের তেল উৎপাদক প্রতিষ্ঠানগুলোও উচ্চমূল্যের এই বাজার সুবিধা ভোগ করছে। বৈশ্বিক এই সংকট যখন সাধারণ মানুষের জীবনযাত্রার ব্যয় বাড়িয়ে দিচ্ছে তখন তেল উৎপাদনকারী শীর্ষ দেশগুলোর জন্য এটি আশীর্বাদ হয়ে দাঁড়িয়েছে। বিশ্লেষকরা মনে করছেন মধ্যপ্রাচ্যের উত্তেজনা যত দীর্ঘস্থায়ী হবে তেলের বাজারে অস্থিরতা তত বাড়বে।