বুধবার, ১৬ সেপ্টেম্বর, ২০২৬,

জ্বালানি তেলের দাম বাড়াল সরকার

দিনাজপুর টিভি ডেস্ক

এপ্রিল ১৮, ২০২৬, ১০:৫৯ পিএম

জ্বালানি তেলের দাম বাড়াল সরকার

বিশ্ববাজারের সঙ্গে মূল্যের সামঞ্জস্য রাখার কারণ দেখিয়ে দেশে ভোক্তা পর্যায়ে সব ধরনের জ্বালানি তেলের দাম বাড়িয়েছে সরকার। আজ শনিবার বিদ্যুৎ, জ্বালানি ও খনিজ সম্পদ মন্ত্রণালয় থেকে পাঠানো এক সংবাদ বিজ্ঞপ্তিতে এই মূল্য সমন্বয়ের কথা আনুষ্ঠানিকভাবে জানানো হয়েছে। নতুন এই সিদ্ধান্ত অনুযায়ী আজ রাত ১২টার পর থেকেই সারা দেশের পেট্রোল পাম্পগুলোতে বর্ধিত এই দাম কার্যকর হবে।

মন্ত্রণালয়ের প্রজ্ঞাপন অনুযায়ী, এখন থেকে ভোক্তা পর্যায়ে প্রতি লিটার ডিজেলের মূল্য নির্ধারণ করা হয়েছে ১১৫ টাকা। এর আগে প্রতি লিটার ডিজেল ১০০ টাকায় বিক্রি হতো অর্থাৎ লিটার প্রতি এক লাফে ১৫ টাকা বাড়ানো হয়েছে। 

ডিজেলের পাশাপাশি কেরোসিনের দামও একইভাবে বাড়ানো হয়েছে বলে জানা গেছে। তবে সবচেয়ে বেশি দাম বেড়েছে অকটেন ও পেট্রোলের ক্ষেত্রে। এখন থেকে প্রতি লিটার অকটেন কিনতে গ্রাহকদের গুনতে হবে ১৪০ টাকা, যা আগে ছিল ১২০ টাকা। একইভাবে প্রতি লিটার পেট্রোলের দাম ১১৬ টাকা থেকে বাড়িয়ে ১৩৫ টাকা নির্ধারণ করা হয়েছে।

সরকার বলছে, আন্তর্জাতিক বাজারে জ্বালানি তেলের দামের অস্থিতিশীলতা এবং আমদানিতে ভারসাম্য বজায় রাখতেই এই মূল্য সমন্বয়ের পথ বেছে নেওয়া হয়েছে। সাধারণত বিশ্ববাজারে দাম কমলে বা বাড়লে তার সাথে মিল রেখে নিয়মিত বিরতিতে এই সমন্বয় করার পরিকল্পনা সরকারের দীর্ঘদিনের। তবে এক রাতে তেলের দাম এত বেশি বেড়ে যাওয়ায় সাধারণ মানুষের মধ্যে মিশ্র প্রতিক্রিয়া দেখা দিয়েছে। বিশেষ করে পরিবহন খাতে এর বড় ধরণের প্রভাব পড়ার আশঙ্কা করা হচ্ছে।

সাধারণত ডিজেলের দাম বাড়লে বাস ও পণ্যবাহী ট্রাকের ভাড়ায় তার সরাসরি প্রভাব পড়ে। এর ফলে নিত্যপ্রয়োজনীয় পণ্যের দামও সাধারণ মানুষের নাগালের বাইরে চলে যাওয়ার সম্ভাবনা থাকে। আজ রাত ১২টার পর থেকে নতুন দাম কার্যকর হওয়ায় রাত থেকেই বিভিন্ন ফিলিং স্টেশনে যানবাহনের দীর্ঘ সারি লক্ষ্য করা গেছে। অনেক চালককে নতুন দাম কার্যকর হওয়ার আগেই ট্যাঙ্ক পূর্ণ করার চেষ্টা করতে দেখা যায়। সংশ্লিষ্ট মন্ত্রণালয় জানিয়েছে, জনস্বার্থ ও অর্থনীতির স্থিতিশীলতার কথা মাথায় রেখেই আন্তর্জাতিক বাজারের সাথে এই সমন্বয় করা হয়েছে।