মে ৭, ২০২৬, ০৭:১৭ পিএম
যুক্তরাষ্ট্র ও ইরানের মধ্যে সম্ভাব্য শান্তিচুক্তির আশায় বৈশ্বিক বাজারে স্বর্ণের দাম বেড়ে দুই সপ্তাহের সর্বোচ্চ পর্যায়ে পৌঁছেছে। একই সঙ্গে দুর্বল ডলার ও তেলের দাম কমে যাওয়ায় মূল্যবান ধাতুটির চাহিদা আরও বেড়েছে বলে জানিয়েছে বার্তা সংস্থা রয়টার্স।বৃহস্পতিবার (৭ মে) বিশ্ববাজারে স্পট গোল্ডের দাম প্রতি আউন্সে ১ শতাংশ বেড়ে ৪ হাজার ৭৩৫ দশমিক ৩২ ডলারে দাঁড়িয়েছে।
বাজার সংশ্লিষ্ট তথ্য অনুযায়ী, এটি গত ২৩ এপ্রিলের পর স্বর্ণের সর্বোচ্চ অবস্থান। একই সময়ে জুন মাসে ডেলিভারির জন্য যুক্তরাষ্ট্রের স্বর্ণ ফিউচারের দাম ১ দশমিক ১ শতাংশ বেড়ে হয়েছে ৪ হাজার ৭৪৫ দশমিক ৯০ ডলার।
বাজার বিশ্লেষকদের মতে, যুক্তরাষ্ট্র-ইরান শান্তিচুক্তির সম্ভাবনায় আন্তর্জাতিক বাজারে তেলের দাম কমেছে। এর ফলে বৈশ্বিক মূল্যস্ফীতি ও সুদের হার বাড়ার যে আশঙ্কা ছিল, তা কিছুটা প্রশমিত হয়েছে। এমন পরিস্থিতিতে বিনিয়োগকারীরা নিরাপদ বিনিয়োগ হিসেবে আবারও স্বর্ণের দিকে ঝুঁকছেন।
এর পাশাপাশি মার্কিন ডলারের দরপতনও স্বর্ণের বাজার চাঙ্গা করতে বড় ভূমিকা রেখেছে। সাধারণত আন্তর্জাতিক বাজারে ডলারের মান কমলে অন্য মুদ্রাধারীদের জন্য স্বর্ণ কেনা তুলনামূলক সস্তা হয়ে যায়। ফলে চাহিদা বৃদ্ধি পাওয়ায় ধাতুটির দামও ঊর্ধ্বমুখী হয়।
উল্লেখ্য, গত কয়েক মাস ধরেই মধ্যপ্রাচ্যের ভূ-রাজনৈতিক উত্তেজনা এবং মার্কিন কেন্দ্রীয় ব্যাংক ফেডারেল রিজার্ভের সুদহার সংক্রান্ত সিদ্ধান্তের কারণে স্বর্ণের বাজারে অস্থিরতা লক্ষ্য করা গেছে। তবে শান্তিচুক্তির ইতিবাচক বার্তা এবং তেলের বাজারের স্থিতিশীলতা বর্তমানে মূল্যবান এই ধাতুর দামকে নতুন উচ্চতায় নিয়ে গেছে। বাজার পর্যবেক্ষকরা মনে করছেন, ডলারের মান ও তেলের দামের এই ধারা অব্যাহত থাকলে স্বর্ণের দাম আরও বাড়তে পারে।


দিনাজপুর টিভির সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন