জুন ৮, ২০২৬, ১১:১০ এএম
ইসলামী ব্যাংক বাংলাদেশ পিএলসির নতুন চেয়ারম্যানের নিয়োগকে কেন্দ্র করে ব্যাংকটিতে ফের অস্থিরতা দেখা দিয়েছে। এতে গ্রাহকদের মাঝে উদ্বেগ সৃষ্টি হওয়ায় বিগত কয়েক দিন ধরে নিজেদের জমাকৃত আমানত তুলে নিচ্ছেন তারা।ঈদুল আজহার পর প্রথম কর্মদিবস থেকে গতকাল রোববার পর্যন্ত আমানতকারীরা প্রায় তিন হাজার ৫০০ কোটি টাকা তুলে নিয়েছেন।
গতকাল পর্যন্ত ব্যাংকের আমানত কমে দাঁড়িয়েছে প্রায় এক লাখ ৮১ হাজার ৬০০ কোটি টাকায়। ব্যাংকের শীর্ষপর্যায়ের এক কর্মকর্তা এসব তথ্য নিশ্চিত করেছেন।গত ২৪ মে চেয়ারম্যান হিসেবে খুরশীদ আলমের নিয়োগের পর থেকেই দেশের বিভিন্ন শাখায় আমানতকারীদের ভিড় বাড়তে থাকে। গত সোম থেকে বৃহস্পতিবার পর্যন্ত চার কর্মদিবসে প্রায় দুই হাজার ৫৭০ কোটি টাকা এবং গতকাল রোববার আরো এক হাজার কোটি টাকা উত্তোলন করেছেন গ্রাহকরা।
ব্যাংকটির ভারপ্রাপ্ত ব্যবস্থাপনা পরিচালক আলতাফ হোসাইন এক ভিডিও বার্তায় গ্রাহকদের আশ্বস্ত করেছেন। তিনি জানান, ব্যাংকের আর্থিক ভিত্তি মজবুত এবং কোনো তারল্য সংকট নেই। গ্রাহকদের আতঙ্কিত না হওয়ার পরামর্শ দিয়ে তিনি বলেন, আমানতকারীদের টাকা সম্পূর্ণ সুরক্ষিত আছে।
এদিকে খুরশীদ আলমের নিয়োগের বিরোধিতা করে বিভিন্ন ব্যানারে কর্মসূচি পালন করছেন গ্রাহক ও শেয়ারহোল্ডাররা। আন্দোলনকারীরা নতুন চেয়ারম্যানের পদত্যাগ এবং এস আলম গ্রুপের আমলে হওয়া অনিয়মের বিচারের দাবিতে সাত দফা কর্মসূচি ঘোষণা করেছেন। সচেতন গ্রাহক ফোরাম ২৪ ঘণ্টার মধ্যে চেয়ারম্যানের পদত্যাগ দাবি করে আজ দেশব্যাপী অবস্থান কর্মসূচি পালনের আহ্বান জানিয়েছে।

দিনাজপুর টিভির সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন