আগস্ট ১৪, ২০২৬, ১১:০৫ এএম
দেশের বাজারে টানা তিন দফা বাড়ানোর পর অবশেষে সোনা ও স্বর্ণালংকারের দাম কমানোর ঘোষণা দিয়েছে বাংলাদেশ জুয়েলার্স অ্যাসোসিয়েশন বা বাজুস। নতুন বিজ্ঞপ্তিতে ভালো মানের ২২ ক্যারেটের প্রতি ভরি স্বর্ণের দাম ২ হাজার ১৫৮ টাকা কমানো হয়েছে। শুক্রবার সকালে প্রকাশিত এই সিদ্ধান্ত ১০টা থেকে দেশের সব জুয়েলারি প্রতিষ্ঠানে কার্যকর হয়েছে।
পরবর্তী নির্দেশ না দেওয়া পর্যন্ত এই দামে কেনাবেচা চলবে।নতুন দাম অনুযায়ী, ভ্যাটসহ প্রতি ভরি ২২ ক্যারেটের সোনার দাম নির্ধারণ করা হয়েছে ২ লাখ ৩৪ হাজার ৬২১ টাকা। ২১ ক্যারেটের প্রতি ভরি ২ লাখ ২৪ হাজার ৬৫ টাকা, ১৮ ক্যারেটের প্রতি ভরি ১ লাখ ৯২ হাজার ৩৯৮ টাকা এবং সনাতন পদ্ধতির প্রতি ভরি সোনা ১ লাখ ৫৭ হাজার ১৭২ টাকায় দাঁড়িয়েছে।
অলংকারের ডিজাইন অনুযায়ী আলাদা মজুরি প্রযোজ্য হলেও গ্রাহকদের কাছ থেকে পৃথক কোনো ভ্যাট আদায় করা যাবে না বলে স্পষ্ট করেছে সংগঠনটি।এর আগে গত ৮, ১১ ও ১৩ আগস্ট পরপর তিন দফা স্বর্ণের দাম বাড়ানো হয়েছিল।সুনির্দিষ্ট ভ্যাট, মজুরি ও পাথর বাদ দিয়ে অলংকার পরিবর্তন ও কেনার ক্ষেত্রে পূর্বের নিয়ম বহাল থাকছে বলে নিশ্চিত করা হয়েছে।

দিনাজপুর টিভির সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন