সোমবার, ২৮ সেপ্টেম্বর, ২০২৬,

বেরোবির শীতকালীন ছুটি পেছালো, শিক্ষার্থীদের ক্ষোভ

রকিবুল হাসান মুন্না

নভেম্বর ১৯, ২০২৫, ০৯:১৯ পিএম

বেরোবির শীতকালীন ছুটি পেছালো, শিক্ষার্থীদের ক্ষোভ

ছবি-দিনাজপুর টিভি

বেগম রোকেয়া বিশ্ববিদ্যালয়ের (বেরোবি) প্রথম সমাবর্তন এবং কেন্দ্রীয় শিক্ষার্থী সংসদ (ব্রাকসু) নির্বাচনকে কেন্দ্র করে বিশ্ববিদ্যালয়ের শীতকালীন ছুটি পুনঃনির্ধারণ করায় ক্ষোভ প্রকাশ করেছেন সাধারণ শিক্ষার্থীরা।

পূর্ব ঘোষণা অনুযায়ী ডিসেম্বর মাস থেকে ছুটি শুরু হওয়ার কথা থাকলেও নতুন সিদ্ধান্ত মোতাবেক ছুটি কার্যকর হবে আগামী বছর জানুয়ারি মাসের শেষ দিকে।

বুধবার (১৯ নভেম্বর) প্রশাসনিক ভবনের সিন্ডিকেট সভাকক্ষে উপাচার্য প্রফেসর ড. মো. শওকাত আলী-এর সভাপতিত্বে অনুষ্ঠিত ৫৫তম একাডেমিক কাউন্সিল সভায় এই সিদ্ধান্ত গৃহীত হয়।

নতুন সিদ্ধান্ত অনুযায়ী, ১৮ জানুয়ারি থেকে ৩১ জানুয়ারি ২০২৬ পর্যন্ত শীতকালীন ছুটি কার্যকর থাকবে। এ সময় ক্লাস ও পরীক্ষা বন্ধ থাকবে। এছাড়া ২০ জানুয়ারি থেকে ৩১ জানুয়ারি পর্যন্ত বিশ্ববিদ্যালয়ের দাপ্তরিক কার্যক্রমও বন্ধ থাকবে। উপাচার্য জানান, ছুটি পুনঃনির্ধারণের কারণে ডিসেম্বর মাসে ক্লাস ও পরীক্ষাসহ সব একাডেমিক কার্যক্রম স্বাভাবিকভাবে চলমান থাকবে।শীতকালীন ছুটি পেছানোর সিদ্ধান্তে শিক্ষার্থীদের মধ্যে বিরূপ প্রতিক্রিয়া দেখা দিয়েছে। ২০২৩-২৩ শিক্ষাবর্ষের শিক্ষার্থী রবিউল ইসলাম বলেন, "ডিসেম্বরের শেষ দিকে প্রচণ্ড শীত পড়ে। ঠিক তখন ছুটি না দিয়ে জানুয়ারির শেষ দিকে দেওয়া পুরোপুরি হাস্যকর সিদ্ধান্ত।

২০২২-২৩ শিক্ষাবর্ষের শিক্ষার্থী বখতিয়ার নাসিফ আহাম্মেদ এই সিদ্ধান্তকে "বিশ্ববিদ্যালয় প্রশাসনের চরম অব্যবস্থাপনারই ফল" উল্লেখ করে বলেন, "ব্রাকসু নির্বাচন ও সমাবর্তন নিয়ে শুরু থেকেই প্রশাসনের গড়িমসি ছিল। এখন ছুটি পেছানোয় শিক্ষার্থীদের ভোগান্তি আরও বাড়বে।"সমাবর্তন ও অন্যান্য উদ্যোগআগামী ২৯ ডিসেম্বর ২০২৫ ব্রাকসু নির্বাচন এবং ১৯ জানুয়ারি ২০২৬ বেরোবির প্রথম সমাবর্তন অনুষ্ঠিত হবে। উপাচার্য জানান, সমাবর্তনে সভাপতিত্ব করবেন শিক্ষা মন্ত্রণালয়ের শিক্ষা উপদেষ্টা অধ্যাপক ড. চৌধুরী রফিকুল আবরার।

সমাবর্তন বক্তা হিসেবে জাতীয় ও আন্তর্জাতিক অঙ্গনের স্বনামধন্য ব্যক্তি, যেমন—ইউজিসি চেয়ারম্যান অধ্যাপক ড. এস এম এ ফায়েজ, ব্র্যাকের প্রধান নির্বাহী ড. হোসেন জিল্লুর রহমান, ঢাকা বিশ্ববিদ্যালয়ের অধ্যাপক ড. সিরাজুল ইসলাম চৌধুরী, মালয়েশিয়ার সাবেক এমপি নুরুল ইজহা আনোয়ার, অস্ট্রেলীয় সিনেটর ফাতিমা পেম্যান, তুরস্কের সাবেক প্রধানমন্ত্রী আহমেদ দাভোতগলু এবং নিউ ইয়র্কের মেয়র জোহরান মামদানির মতো ব্যক্তিদের আমন্ত্রণ জানানোর প্রক্রিয়া চলছে।

ব্রিফিংয়ে উপাচার্য আরও জানান, আগামী ২৪ নভেম্বর পীরগঞ্জের লালদীঘির ইনোভেশন হাব বিশ্ববিদ্যালয়ের কাছে হস্তান্তরের জন্য তথ্য মন্ত্রণালয় একটি সমঝোতা স্মারক স্বাক্ষর করবে। এছাড়া ৯ ডিসেম্বর রোকেয়া স্মৃতিকেন্দ্রের গবেষণা ও একাডেমিক কার্যক্রম বেরোবির বাংলা এবং ইতিহাস ও প্রত্নতত্ত্ব বিভাগের হাতে ন্যস্ত করতে বাংলা একাডেমি ও বিশ্ববিদ্যালয় কর্তৃপক্ষের মধ্যে চুক্তি স্বাক্ষরের কথা রয়েছে।