সোমবার, ২৮ সেপ্টেম্বর, ২০২৬,

ব্রাকসু নির্বাচন ও ছুটি বহালের দাবিতে বেরোবিতে তীব্র উত্তেজনা

রকিবুল হাসান মুন্না

নভেম্বর ২৬, ২০২৫, ০৬:১৯ পিএম

ব্রাকসু নির্বাচন ও ছুটি বহালের দাবিতে বেরোবিতে তীব্র উত্তেজনা

ছবি-দিনাজপুর টিভি

রংপুরের বেগম রোকেয়া বিশ্ববিদ্যালয়ে (বেরোবি) ব্রাকসু নির্বাচন নির্ধারিত সময়ের আগে আয়োজন এবং একাডেমিক ক্যালেন্ডার অনুযায়ী শীতকালীন ছুটি বাতিল না করে বহালের দাবিতে বুধবার বিকেলে ক্যাম্পাসে উত্তেজনা দেখা দিয়েছে।

এদিন বিকেল চারটায় বিশ্ববিদ্যালয়ের ১১৮তম সিন্ডিকেট সভা চলাকালীন একদল শিক্ষার্থী সিন্ডিকেট চত্বর অবরোধ করে অবস্থান ও বিক্ষোভে অংশ নেন।

তাদের মূল দাবি হলো ডিসেম্বরের প্রথম ভাগের মধ্যেই ব্রাকসু নির্বাচন আয়োজন করা এবং পূর্বে ঘোষিত শীতকালীন ছুটি কোনো প্রকার বাতিল না করে সম্পূর্ণ বহাল রাখা। একইসঙ্গে নির্বাচন বানচালের চেষ্টার অভিযোগও এনেছে আন্দোলনকারী অংশ।

এই আন্দোলন নিয়ে শিক্ষার্থীদের মধ্যেই স্পষ্ট বিভাজন দেখা দিয়েছে। আন্দোলনকারী শিক্ষার্থী মুশিফিকুর রহমান অভিযোগ করেন, তারা একই সঙ্গে পূর্ণাঙ্গ শীতকালীন ছুটি বহাল এবং দ্রুত নির্বাচন চান। তিনি বলেন, প্রশাসন বারবার শুধু আশ্বাস দিয়েছে কিন্তু কার্যকর কোনো সিদ্ধান্ত নিতে পারেনি। তার দাবি, প্রার্থীদের সঙ্গে সাধারণ শিক্ষার্থীদের মুখোমুখি দাঁড় করানোর যে চেষ্টা করা হচ্ছে, তা আসলে ব্রাকসু নির্বাচন বানচালের একটি সূক্ষ্ম কৌশল ছাড়া আর কিছু নয়।

অন্যদিকে, ছাত্রনেতা ইয়ামিন এই অবস্থানের বিরোধিতা করেছেন। তিনি বলেন, তারা শুধুমাত্র শীতকালীন ছুটি যথাসময়ে বজায় রাখার দাবি নিয়ে এসেছেন এবং অন্য কোনো গোষ্ঠীর এজেন্ডা বাস্তবায়ন করছেন না। তবে তিনি অভিযোগ করেন, আরেকটি পক্ষ নির্বাচন তাড়াহুড়ো করে আয়োজনের জন্য চাপ দিচ্ছে। তার মতে, নির্বাচনের সময় নির্ধারণের দায়িত্ব সম্পূর্ণরূপে নির্বাচন কমিশনের। তিনি আরও প্রশ্ন তোলেন, সিন্ডিকেট রুমের সামনে এইভাবে অবস্থান নেওয়ার অধিকার কোনো শিক্ষার্থীর আছে কি না, এই বিষয়টি স্পষ্ট নয়।

গণযোগাযোগ ও সাংবাদিকতা বিভাগের শিক্ষার্থী হাজিম উল হক বলেন, তিনি মূলত সিন্ডিকেটের সিদ্ধান্ত জানতে এসেছিলেন। কিন্তু তিনি দেখেন যে সাধারণ শিক্ষার্থীর নামে যারা অবস্থান নিয়েছেন, তারা মূলত নির্বাচন বানচাল ও নিজস্ব এজেন্ডা বাস্তবায়নের চেষ্টা করছেন। পরিস্থিতি দেখে তিনি ওই স্থান থেকে সরে যান। উল্লেখ্য, বিশ্ববিদ্যালয় প্রশাসন ইতোমধ্যে ডিসেম্বর মাসের শীতকালীন ছুটি বাতিল ঘোষণা করেছে।

প্রশাসন জানিয়েছে, ব্রাকসু নির্বাচন, বিশ্ববিদ্যালয়ের প্রথম সমাবর্তন এবং ঢাকা বিশ্ববিদ্যালয়ের ভর্তি পরীক্ষা আয়োজনের মতো গুরুত্বপূর্ণ কাজগুলো সম্পন্ন করার জন্য এই ছুটি বাতিল করা হয়েছে। এর পাশাপাশি আগামী ২৪ ডিসেম্বর ব্রাকসু ভোটগ্রহণের জন্য তফসিলও প্রকাশ করা হয়েছে।