রকিবুল হাসান মুন্না
নভেম্বর ২৯, ২০২৫, ০৮:৫২ পিএম
ছবি-দিনাজপুর টিভি
রংপুরের বেগম রোকেয়া বিশ্ববিদ্যালয়ের (বেরোবি) কেন্দ্রীয় শিক্ষার্থী সংসদ (ব্রাকসু) ও হল শিক্ষার্থী সংসদ নির্বাচন-২০২৫ এর তফসিল অনুযায়ী চূড়ান্ত ভোটার তালিকা প্রকাশ ও মনোনয়নপত্র বিতরণ কার্যক্রম নির্ধারিত সময়মতো শুরু করা সম্ভব হয়নি।
এই বিলম্বের জন্য প্রশাসনিক সহযোগিতার ঘাটতিকে দায়ী করে ক্ষোভ প্রকাশ করেছে নির্বাচন কমিশন।কমিশনের অভিযোগ—ঘোষিত তফসিল অনুযায়ী বুধবার (২৬ নভেম্বর) ভোটার তালিকা প্রকাশ।
এবং বৃহস্পতিবার (২৭ নভেম্বর) মনোনয়নপত্র বিতরণের কথা থাকলেও, রেজিস্ট্রার অফিস থেকে প্রয়োজনীয় নথিপত্র সময়মতো না পাওয়ায় পুরো প্রক্রিয়া আটকে যায়।
এক প্রেস বিজ্ঞপ্তিতে নির্বাচন কমিশন জানায়, তফসিল ঘোষণার পর একাধিকবার চিঠি পাঠানো ও মৌখিক অনুরোধ সত্ত্বেও রেজিস্ট্রার অফিস নির্ধারিত সময়ে হলভিত্তিক শিক্ষার্থী তালিকা, চূড়ান্ত আচরণবিধি ও নির্বাচনী নীতিমালা সরবরাহ করেনি। ফলে নির্দিষ্ট সময় অনুসারে কার্যক্রম পরিচালনা করা সম্ভব হয়নি।অপরদিকে, গণমাধ্যমে রেজিস্ট্রার কর্তৃক প্রদত্ত বক্তব্যে দাবি করা হয়, কমিশন চাওয়ামাত্র ভোটার তালিকা সরবরাহ করা হয়েছে।
নির্বাচন কমিশন এই দাবিকে 'মিথ্যা, বিভ্রান্তিকর এবং কমিশনকে হেয় করার অপচেষ্টা' বলে উল্লেখ করেছে। কমিশনের ভাষ্য অনুযায়ী, সময়মতো সহযোগিতা না দেওয়ার প্রমাণ তাদের কাছে রয়েছে, যার সরাসরি প্রভাব পড়েছে ভোটার তালিকা প্রকাশ ও মনোনয়নপত্র বিতরণে।প্রেস বিজ্ঞপ্তিতে আরও বলা হয়, দায়িত্বশীল অবস্থানে থেকেও ভুল তথ্য প্রচার করা নির্বাচন ব্যবস্থাপনার প্রতি অশ্রদ্ধার শামিল। এ পরিস্থিতির দায়ভার রেজিস্ট্রার অফিসকেই বহন করতে হবে বলেও উল্লেখ করা হয়।
আগামী দিনে প্রয়োজনীয় নথি ও তথ্য যথাসময়ে প্রদান এবং গণমাধ্যমে তথ্যভিত্তিক বক্তব্য প্রদানে রেজিস্ট্রার অফিসকে সতর্ক থাকার আহ্বান জানায় কমিশন।এ প্রসঙ্গে জানতে চাইলে রেজিস্ট্রার ড. মো. হারুন-অর-রশিদ বলেন, "এই বিষয়ে কথা বললে সেটা কাদা ছোড়াছুড়ি মনে হবে। বিশ্ববিদ্যালয়ের ভাবমূর্তি আমার কাছে প্রধান, এ কারণে আমি এ বিষয়ে কোনো মন্তব্য করতে চাই না।
তবে নির্বাচন কমিশনার মো. মাসুদ রানা বলেন, "আগামীকাল সকাল ১০টা থেকে মনোনয়নপত্র সংগ্রহ শুরু হবে। হল সংসদের মনোনয়নপত্রও একই সময়ে সংগ্রহ করতে পারবে মনোনয়ন প্রত্যাশীরা। আমরা রিটার্নিং কর্মকর্তা ও হল কর্তৃপক্ষের সঙ্গে কথা বলেছি এবং আমাদের সব প্রস্তুতি সম্পন্ন হয়েছে।"প্রেস বিজ্ঞপ্তিতে স্বাক্ষর করেন নির্বাচন কমিশনার মো. আমির শরীফ, মো. মাসুদ রানা, ড. প্রদীপ কুমার সরকার, ড. মোহসীনা আহসান ও মো. হাসান আলী।