রকিবুল হাসান মুন্না
নভেম্বর ২৯, ২০২৫, ০৯:০৪ পিএম
ছবি-দিনাজপুর টিভি
রংপুরের বেগম রোকেয়া বিশ্ববিদ্যালয়ের (বেরোবি) কেন্দ্রীয় শিক্ষার্থী সংসদ (ব্রাকসু) ও হল শিক্ষার্থী সংসদ নির্বাচন-২০২৫ এর কার্যক্রমে বিলম্ব ঘটলেও অবশেষে মনোনয়নপত্র বিতরণের প্রস্তুতি সম্পন্ন হয়েছে বলে জানিয়েছে নির্বাচন কমিশন। আগামীকাল রবিবার (৩০ নভেম্বর) সকাল ১০টা থেকেই মনোনয়নপত্র সংগ্রহের কার্যক্রম শুরু হবে।
এর আগে তফসিল অনুযায়ী ভোটার তালিকা প্রকাশ ও মনোনয়নপত্র বিতরণ নির্ধারিত সময় অনুসারে শুরু করা সম্ভব না হওয়ায় শিক্ষার্থীদের মধ্যে হতাশা তৈরি হয়েছিল।
তবে কমিশনের পক্ষ থেকে জানানো হয়, প্রশাসনিক কিছু জটিলতা থাকলেও তা কাটিয়ে নির্বাচন কার্যক্রম পুনরায় সঠিক গতিতে ফিরছে।
নির্বাচন কমিশনার মো. মাসুদ রানা বলেন, "আগামীকাল সকাল ১০টা থেকে মনোনয়নপত্র সংগ্রহ শুরু হবে। হল সংসদের মনোনয়নপত্রও একই সময়ে সংগ্রহ করতে পারবে মনোনয়ন প্রত্যাশীরা। আমরা রিটার্নিং কর্মকর্তা ও হল কর্তৃপক্ষের সঙ্গে কথা বলেছি এবং আমাদের সব প্রস্তুতি সম্পন্ন হয়েছে।
কর্তৃপক্ষের সঙ্গে সমন্বয় করে মনোনয়নপত্র বিতরণের সমস্ত ব্যবস্থা নিশ্চিত করা হয়েছে বলে জানান নির্বাচন কমিশন। নির্বাচনকে সুষ্ঠু, স্বচ্ছ ও জবাবদিহিমূলক করার জন্য কমিশন সর্বোচ্চ আন্তরিকতা নিয়ে কাজ করছে।নির্বাচনকে ঘিরে ক্যাম্পাসে উৎসবমুখর পরিবেশ তৈরি হয়েছে। মনোনয়নপত্র বিতরণ শুরু হলে প্রার্থীদের আনুষ্ঠানিক নির্বাচনী প্রস্তুতি আরও গতি পাবে বলে জানিয়েছেন শিক্ষার্থীরা।