সোমবার, ২৮ সেপ্টেম্বর, ২০২৬,

২৪ ডিসেম্বর ব্রাকসু ভোট আয়োজনের আল্টিমেটাম শিক্ষার্থীদের, উত্তাল বেরোবি

রকিবুল হাসান মুন্না

ডিসেম্বর ৩, ২০২৫, ০৩:৪৪ পিএম

২৪ ডিসেম্বর ব্রাকসু ভোট আয়োজনের আল্টিমেটাম শিক্ষার্থীদের, উত্তাল বেরোবি

ছবি-দিনাজপুর টিভি

রংপুরের বেগম রোকেয়া বিশ্ববিদ্যালয়ে (বেরোবি) কেন্দ্রীয় শিক্ষার্থী সংসদ (ব্রাকসু) নির্বাচন স্থগিতের ঘোষণায় তীব্র উত্তাল হয়ে উঠেছে ক্যাম্পাস। আজ বুধবার (৩ ডিসেম্বর) প্রশাসনের দীর্ঘসূত্রিতা, সময়ক্ষেপণ ও সদিচ্ছার অভাবের অভিযোগ এনে শিক্ষার্থীরা সংবাদ সম্মেলন করেছেন।

এতে নির্বাচন কমিশনের প্রতি তীব্র ক্ষোভ জানিয়ে তারা ঘোষণা দেন, নির্ধারিত ২৪ ডিসেম্বর ২০২৫ তারিখেই ব্রাকসু নির্বাচন অনুষ্ঠিত না হলে কঠোর আন্দোলনে নামবেন।

শিক্ষার্থীরা অভিযোগ করেন, গত ১৮ নভেম্বর তফসিল ঘোষণার পর নানা নাটকীয়তার শেষে মনোনয়ন ফরম উত্তোলনের শেষ পর্যায়ে নির্বাচন কমিশনের ওপর 'ব্রাকসু-বিরোধী একটি গোষ্ঠীর' চাপ সৃষ্টি হয়।

তাদের দাবি—চাপ, হুমকি এবং পদত্যাগের ইঙ্গিতের মধ্য দিয়ে কমিশন অযৌক্তিকভাবে খসড়া ভোটার তালিকার অসঙ্গতির অজুহাত দেখিয়ে নির্বাচন অনির্দিষ্টকালের জন্য স্থগিত করে।শিক্ষার্থীদের অভিযোগ, প্রশাসন ও কমিশনের উদাসীনতা, দায়িত্বহীনতা এবং সময়ক্ষেপণই নির্বাচনী প্রক্রিয়াকে অনিশ্চয়তার দিকে ঠেলে দিয়েছে। তারা বলেন, "শিক্ষার্থীদের আবেগ নিয়ে টালবাহানা করা হচ্ছে। আশ্বাস ছাড়া কোনো কার্যকর পদক্ষেপ নেই।

ইতিমধ্যে নির্বাচন স্থগিতের প্রতিবাদে শিক্ষার্থীরা আন্দোলন পুনরায় শুরু করেছেন এবং দাবি তোলায় বাধা দিতে আসা ব্রাকসু-বিরোধী গোষ্ঠীর প্রকাশ্য হুমকির কথাও তারা উল্লেখ করেন। তবে এসব সত্ত্বেও তারা নিজেদের অবস্থান থেকে সরে আসবেন না বলে দৃঢ় ঘোষণা দেন।

সংবাদ সম্মেলনে শিক্ষার্থীরা বিশ্ববিদ্যালয় প্রশাসনকে দুটি স্পষ্ট দাবি পেশ করেন:

১. আজকের (৩ ডিসেম্বর) মধ্যেই তফসিল অনুযায়ী নির্বাচন কমিশনের স্বাভাবিক কার্যক্রম পুনরায় চালু করতে হবে। ২. ঘোষিত তফসিল অনুযায়ী ২৪ ডিসেম্বর ২০২৫ তারিখেই ভোটগ্রহণ সম্পন্ন করতে হবে।

শিক্ষার্থীরা হুঁশিয়ারি দিয়ে বলেন, "জুলাই বিপ্লবে আমরা দেখিয়েছি অধিকার আদায়ে কীভাবে ঐক্যবদ্ধ হতে হয়। এবারও প্রয়োজনে কঠোর আন্দোলনে নামতে প্রস্তুত আমরা।"