বৃহস্পতিবার, ০১ অক্টোবর, ২০২৬,

ছুটির তালিকা সংশোধনের আহ্বান প্রাথমিক শিক্ষকদের

দিনাজপুর টিভি ডেস্ক

জানুয়ারি ৬, ২০২৬, ১১:৪৯ এএম

ছুটির তালিকা সংশোধনের আহ্বান প্রাথমিক শিক্ষকদের

আসন্ন পবিত্র রমজানে শিক্ষক ও শিক্ষার্থীদের বাস্তবমুখী সমস্যার কথা বিবেচনা করে ২০২৬ সালের বাৎসরিক ছুটির তালিকা সংশোধনের জোরালো দাবি জানিয়েছেন প্রাথমিক শিক্ষকরা। মঙ্গলবার (৬ জানুয়ারি) ‘প্রাথমিক শিক্ষক দাবি বাস্তবায়ন পরিষদ’-এর পক্ষ থেকে এক যৌথ বিবৃতিতে এই আহ্বান জানানো হয়।

সংগঠনটির আহ্বায়ক মো. আবুল কাসেম ও সদস্য সচিব মোহাম্মদ শামছুদ্দিন মাসুদসহ শীর্ষ নেতাদের সই করা বিজ্ঞপ্তিতে বলা হয়, সম্প্রতি সামাজিক যোগাযোগ মাধ্যমে প্রাথমিক শিক্ষা অধিদপ্তরের একটি ছুটির তালিকা ভাইরাল হয়েছে।

যদিও এর দাপ্তরিক সত্যতা নিয়ে সংশয় রয়েছে, তবে তালিকাটি সঠিক হলে এতে বেশ কিছু অসংগতি পরিলক্ষিত হচ্ছে।

বিশেষ করে, শুক্র ও শনিবারকে অতীতে ‘শূন্য দিন’ হিসেবে গণনা করা হলেও বর্তমান তালিকার ৮ নম্বর ও ২৮ নম্বর ক্রমিকে মোট ৬টি সাপ্তাহিক ছুটির দিনকে মূল ছুটির অন্তর্ভুক্ত করা হয়েছে। এই অসামঞ্জস্যের কারণে শিক্ষক ও অভিভাবকদের মধ্যে বিরূপ প্রতিক্রিয়া সৃষ্টি হয়েছে।বিবৃতিতে শিক্ষকরা বলেন, রমজান মাসে রোজা রেখে শ্রেণিকক্ষে পাঠদান করা শিক্ষকদের জন্য অত্যন্ত কষ্টসাধ্য। বিশেষ করে প্রাথমিক বিদ্যালয়ের অধিকাংশ শিক্ষক নারী হওয়ায় বিদ্যালয় শেষ করে বাসায় ফিরে ইফতারের প্রস্তুতি নেওয়া তাঁদের জন্য বড় চ্যালেঞ্জ।

একই সঙ্গে কোমলমতি শিক্ষার্থীরাও রোজা রেখে বিদ্যালয়ে আসতে শারীরিকভাবে ক্লান্ত হয়ে পড়ে।প্রাথমিক শিক্ষক দাবি বাস্তবায়ন পরিষদ মনে করে, ধর্মীয় অনুভূতি ও বাস্তবতার সঙ্গে সামঞ্জস্য রেখে ছুটির তালিকাটি দ্রুত সংশোধন করা প্রয়োজন। কর্তৃপক্ষের অনিচ্ছাকৃত বা প্রিন্টিং জটিলতার কারণে সৃষ্ট এই বিভ্রান্তি দূর করে একটি শিক্ষকবান্ধব ও নির্ভুল ছুটির তালিকা পুনরায় প্রকাশের দাবি জানিয়েছেন তাঁরা।

উল্লেখ্য, বিষয়টি নিয়ে এখনো প্রাথমিক ও গণশিক্ষা মন্ত্রণালয়ের আনুষ্ঠানিক কোনো ব্যাখ্যা পাওয়া যায়নি। তবে শিক্ষকদের এই দাবি ইতোমধ্যে শিক্ষা সংশ্লিষ্ট মহলে ব্যাপক আলোচনার জন্ম দিয়েছে।