বৃহস্পতিবার, ০১ অক্টোবর, ২০২৬,

জকসু নির্বাচনে ৬৫ শতাংশ ভোট পড়েছে: প্রধান কমিশনার

দিনাজপুর টিভি ডেস্ক

জানুয়ারি ৬, ২০২৬, ০৬:৩৫ পিএম

জকসু নির্বাচনে ৬৫ শতাংশ ভোট পড়েছে: প্রধান কমিশনার

দীর্ঘ প্রতীক্ষিত জগন্নাথ বিশ্ববিদ্যালয় কেন্দ্রীয় শিক্ষার্থী সংসদ (জকসু) নির্বাচনে উৎসবমুখর পরিবেশে ভোটগ্রহণ সম্পন্ন হয়েছে। মঙ্গলবার সন্ধ্যায় নির্বাচনের প্রাথমিক তথ্য জানিয়ে প্রধান নির্বাচন কমিশনার অধ্যাপক ড. মোস্তফা হাসান বলেন কেন্দ্রীয় সংসদ নির্বাচনে প্রায় ৬৫ শতাংশ এবং হল শিক্ষার্থী সংসদ নির্বাচনে ৭৭ শতাংশ ভোট পড়েছে।

তিনি আরও জানান যে এখনো ব্যালট বাক্স খোলা হয়নি তাই ভোট গণনা শেষ হওয়ার পর চূড়ান্ত শতাংশ নিশ্চিতভাবে বলা সম্ভব হবে। এর আগে সকাল ৯টা থেকে শুরু হয়ে ভোটগ্রহণ বিরতিহীনভাবে বিকেল ৩টা পর্যন্ত চলে।

এবারের নির্বাচনে বিশ্ববিদ্যালয়ের মোট ১৬ হাজার ৬৪৫ জন ভোটার তাদের ভোটাধিকার প্রয়োগের সুযোগ পেয়েছেন

নির্বাচন কমিশনের তথ্য অনুযায়ী বিশ্ববিদ্যালয়ের ৩৯টি কেন্দ্রের ১৭৮টি বুথে ভোটগ্রহণ অনুষ্ঠিত হয়েছে। উল্লেখ্য যে ৩০ ডিসেম্বর এই নির্বাচন অনুষ্ঠিত হওয়ার কথা থাকলেও সাবেক প্রধানমন্ত্রী বেগম খালেদা জিয়ার মৃত্যুতে সৃষ্ট উদ্ভূত পরিস্থিতিতে তা স্থগিত করা হয়েছিল। পরে শিক্ষার্থীদের জোরালো আন্দোলনের মুখে ৬ জানুয়ারি নতুন তারিখ নির্ধারণ করে বিশ্ববিদ্যালয় প্রশাসন।

নির্বাচনে ছাত্রদল সমর্থিত ঐক্যবদ্ধ নির্ভীক জবিয়ান ছাত্রশিবির সমর্থিত অদম্য জবিয়ান ঐক্য ছাত্রশক্তি সমর্থিত ঐক্যবদ্ধ জবিয়ান এবং বামপন্থি সমর্থিত মওলানা ভাসানী ব্রিগেড প্যানেলসহ স্বতন্ত্র প্রার্থীরা প্রতিদ্বন্দ্বিতা করছেন। কোনো প্রকার বড় ধরনের অপ্রীতিকর ঘটনা ছাড়াই ভোটগ্রহণ শেষ হওয়ায় সন্তোষ প্রকাশ করেছেন সাধারণ শিক্ষার্থীরা। এখন সবার নজর ভোট গণনার দিকে কারণ দীর্ঘ বছর পর জকসুর নেতৃত্বে কারা আসছেন তা নিয়ে পুরো ক্যাম্পাস জুড়ে টানটান উত্তেজনা বিরাজ করছে।