বৃহস্পতিবার, ০১ অক্টোবর, ২০২৬,

জকসু নির্বাচনের ভোট গণনা শুরু

দিনাজপুর টিভি ডেস্ক

জানুয়ারি ৬, ২০২৬, ০৬:৫৬ পিএম

জকসু নির্বাচনের ভোট গণনা শুরু

জগন্নাথ বিশ্ববিদ্যালয় কেন্দ্রীয় শিক্ষার্থী সংসদ বা জকসু নির্বাচনের ভোটগ্রহণ শেষে এবার শুরু হয়েছে বহুল প্রতীক্ষিত ভোট গণনার কাজ। মঙ্গলবার সন্ধ্যা সাড়ে ৬টার দিকে বিশ্ববিদ্যালয়ের নির্দিষ্ট কেন্দ্রে এই গণনা প্রক্রিয়া শুরু হয়।

নির্বাচন কমিশনার অধ্যাপক শহিদুল ইসলাম জানান গণনার শুরুতে ব্যালট পেপারগুলো ম্যানুয়ালি স্ক্রিনিং করা হচ্ছে। নিয়মানুযায়ী ব্যালটে প্রার্থীর নামের পাশে নির্ধারিত ক্রস চিহ্ন ছাড়া অন্য কোনো দাগ বা চিহ্ন থাকলে সংশ্লিষ্ট পদের ভোটটি বাতিল বলে গণ্য হবে।

এর আগে সকাল ৯টা থেকে বিকেল ৩টা পর্যন্ত অত্যন্ত সুশৃঙ্খল পরিবেশে ভোটগ্রহণ অনুষ্ঠিত হয়। এবারের জকসু ও হল সংসদ নির্বাচনে বিশ্ববিদ্যালয়ের মোট ১৬ হাজার ৬৪৫ জন শিক্ষার্থী তাদের ভোটাধিকার প্রয়োগ করেছেন। নির্বাচন কমিশনের তথ্যমতে ৩৯টি কেন্দ্রের ১৭৮টি বুথে দিনভর এই ভোটগ্রহণ চলে। উল্লেখ্য যে সাবেক প্রধানমন্ত্রী বেগম খালেদা জিয়ার মৃত্যুতে গত ৩০ ডিসেম্বর নির্ধারিত এই নির্বাচন স্থগিত করা হলেও শিক্ষার্থীদের আন্দোলনের মুখে আজ ৬ জানুয়ারি নতুন করে ভোট নেওয়া হয়।

নির্বাচনে ছাত্রদল সমর্থিত ঐক্যবদ্ধ নির্ভীক জবিয়ান ছাত্রশিবির সমর্থিত অদম্য জবিয়ান ঐক্য এবং ছাত্রশক্তি সমর্থিত ঐক্যবদ্ধ জবিয়ানসহ বেশ কয়েকটি প্যানেল প্রতিদ্বন্দ্বিতা করছে। ভোট গণনা শুরু হওয়ার পর থেকেই ক্যাম্পাস জুড়ে সাধারণ শিক্ষার্থীদের মধ্যে ব্যাপক কৌতুহল ও উত্তেজনা লক্ষ্য করা যাচ্ছে। গভীর রাত নাগাদ প্রাথমিক ফলাফল জানা যেতে পারে বলে ধারণা করা হচ্ছে। পুরো বিশ্ববিদ্যালয় এলাকায় নিরাপত্তা ব্যবস্থা জোরদার করেছে প্রশাসন।