বৃহস্পতিবার, ০১ অক্টোবর, ২০২৬,

জকসুর ভোট গণনা সাময়িক স্থগিত

দিনাজপুর টিভি ডেস্ক

জানুয়ারি ৬, ২০২৬, ১০:০০ পিএম

জকসুর ভোট গণনা সাময়িক স্থগিত

জগন্নাথ বিশ্ববিদ্যালয় কেন্দ্রীয় শিক্ষার্থী সংসদ (জকসু) ও হল সংসদ নির্বাচনের ভোট গণনায় নাটকীয় মোড়। ওএমআর (OMR) মেশিনে টেকনিক্যাল সমস্যার কারণে ভোট গণনার কার্যক্রম সাময়িকভাবে স্থগিত করা হয়েছে। মঙ্গলবার সন্ধ্যা ৬টায় গণনা শুরু হলেও কিছুক্ষণের মধ্যেই যান্ত্রিক গোলযোগ ধরা পড়ে।

নির্বাচন কমিশনার সহযোগী অধ্যাপক ড. আনিসুর রহমান জানান, গণনার জন্য ৬টি মেশিন প্রস্তুত রাখা হলেও ট্রায়ালের সময় দুটি মেশিনে একই ব্যালটের ভিন্ন ভিন্ন ফলাফল আসছিল।

গত তিন দিনের ট্রায়ালে কোনো সমস্যা না হলেও মূল গণনার সময় এই জটিলতায় বিপাকে পড়েছে কমিশন। উদ্ভূত পরিস্থিতি নিয়ে সিদ্ধান্ত নিতে রাত সাড়ে ৯টায় বিশ্ববিদ্যালয়ের উপাচার্যের (ভিসি) কনফারেন্স রুমে সকল প্যানেল ও স্বতন্ত্র ভিপি-জিএস প্রার্থীদের নিয়ে জরুরি বৈঠকে বসার কথা রয়েছে।

ড. আনিসুর রহমান বলেন, “আমরা সবার সম্মতিতে একটি ইনক্লুসিভ বা অন্তর্ভুক্তিমূলক সিদ্ধান্ত নিতে চাই।” উল্লেখ্য যে, মঙ্গলবার সকাল ৯টা থেকে বিকাল ৩টা পর্যন্ত ৩৯টি কেন্দ্রে ভোটগ্রহণ অনুষ্ঠিত হয়, যেখানে কেন্দ্রীয় সংসদে প্রায় ৬৫ শতাংশ ভোট পড়েছে।

দীর্ঘ বছর পর আয়োজিত এই নির্বাচন ঘিরে শিক্ষার্থীদের মধ্যে ব্যাপক উদ্দীপনা থাকলেও গণনায় এমন বিঘ্ন ঘটায় সাধারণ ভোটারদের মধ্যে কিছুটা উৎকণ্ঠা দেখা দিয়েছে। বৈঠকের সিদ্ধান্ত অনুযায়ী পুনরায় গণনা শুরু হবে নাকি ম্যানুয়ালি গণনা করা হবে—তা নিয়ে গভীর রাত পর্যন্ত অপেক্ষা করতে হতে পারে।