বৃহস্পতিবার, ০১ অক্টোবর, ২০২৬,

জকসুর ব্যালট বাক্স খুলতে গিয়ে আঘাত, জ্ঞান হারালেন পোলিং এজেন্ট

দিনাজপুর টিভি ডেস্ক

জানুয়ারি ৭, ২০২৬, ০৬:৫৭ পিএম

জকসুর ব্যালট বাক্স খুলতে গিয়ে আঘাত, জ্ঞান হারালেন পোলিং এজেন্ট

জগন্নাথ বিশ্ববিদ্যালয় কেন্দ্রীয় শিক্ষার্থী সংসদ (জকসু) ও হল সংসদ নির্বাচনের ভোট গণনার সময় এক অনাকাঙ্ক্ষিত দুর্ঘটনা ঘটেছে। বুধবার সন্ধ্যায় বিশ্ববিদ্যালয়ের কেন্দ্রীয় নিয়ন্ত্রণকক্ষে একটি ব্যালট বাক্স খুলতে গিয়ে আঘাতপ্রাপ্ত হয়ে জ্ঞান হারিয়েছেন মিথুন চন্দ্র দাশ নামের এক পোলিং এজেন্ট। মিথুন বিশ্ববিদ্যালয়ের নাট্যকলা বিভাগের শিক্ষার্থী এবং নির্বাচনে একজন স্বতন্ত্র প্রার্থীর পোলিং এজেন্ট হিসেবে দায়িত্ব পালন করছিলেন।

প্রত্যক্ষদর্শী ও সংশ্লিষ্ট সূত্র জানায়, দীর্ঘ সময় ধরে ভোট গণনার কার্যক্রমে অংশ নেওয়ায় মিথুন বেশ ক্লান্ত ছিলেন। সন্ধ্যায় ব্যালট বাক্স খোলার সময় হঠাৎ তাঁর হাতের কনুইয়ে সজোরে আঘাত লাগে।

আঘাতটি সরাসরি স্নায়ু বা নার্ভে লাগায় তিনি ভারসাম্য হারিয়ে চেয়ার থেকে নিচে পড়ে যান এবং তাৎক্ষণিক জ্ঞান হারান। ঘটনার পরপরই তাঁকে বিশ্ববিদ্যালয়ের মেডিকেল টিমের তত্ত্বাবধানে শিক্ষক সমিতির কার্যালয়ে নিয়ে যাওয়া হয়।

এ বিষয়ে নাট্যকলা বিভাগের চেয়ারম্যান ক্যাথরিন পিউরীফিকেশন জানান, দীর্ঘ সময় নির্ঘুম কাজ করার কারণে মিথুন শারীরিকভাবে ক্লান্ত ছিলেন। ব্যালট বাক্স খোলার সময় টেবিলের কোণায় তাঁর কনুইয়ে আঘাত লাগে, যা সম্ভবত নার্ভে সরাসরি প্রভাব ফেলেছে। বর্তমানে তিনি চিকিৎসকদের পর্যবেক্ষণে আছেন এবং আগের চেয়ে কিছুটা সুস্থ বোধ করছেন। চিকিৎসকরা তাঁকে একটি এক্স-রে করার পরামর্শ দিয়েছেন।

ফাইন্যান্স বিভাগের অধ্যাপক ড. ওমর ফারুক জানিয়েছেন, মিথুনের অসুস্থতা খুব বেশি গুরুতর নয়। দীর্ঘ সময়ের ক্লান্তি এবং সামান্য আঘাতের কারণেই এমনটি ঘটেছে। দ্রুতই তিনি পুরোপুরি সুস্থ হয়ে উঠবেন বলে আশা করা হচ্ছে। বর্তমানে শিক্ষক সমিতির কার্যালয়েই তাঁর প্রাথমিক চিকিৎসা ও পর্যবেক্ষণ চলমান রয়েছে। এই ঘটনার কারণে ভোট গণনার কাজে সাময়িক চাঞ্চল্য তৈরি হলেও কার্যক্রম পুনরায় স্বাভাবিক গতিতে চলছে।