বৃহস্পতিবার, ০১ অক্টোবর, ২০২৬,

এলইডি স্কিনে জকসুর ফলাফল দেখতে শিক্ষার্থীদের ভীড়

দিনাজপুর টিভি ডেস্ক

জানুয়ারি ৭, ২০২৬, ০৭:১১ পিএম

এলইডি স্কিনে জকসুর ফলাফল দেখতে শিক্ষার্থীদের ভীড়

জগন্নাথ বিশ্ববিদ্যালয় (জবি) প্রতিষ্ঠার দীর্ঘ ১৯ বছরের ইতিহাসে প্রথমবারের মতো অনুষ্ঠিত কেন্দ্রীয় ছাত্র সংসদ (জকসু) নির্বাচনের ফলাফল ঘিরে পুরো ক্যাম্পাসে এখন উৎসবমুখর পরিবেশ বিরাজ করছে। মঙ্গলবার ভোটগ্রহণ শেষে বুধবার (৭ জানুয়ারি) সকাল থেকেই শুরু হয় কেন্দ্রভিত্তিক ফলাফল প্রকাশ।

ফলাফল ঘোষণার প্রতি মুহূর্তের আপডেট সাধারণ শিক্ষার্থীদের কাছে পৌঁছে দিতে বিশ্ববিদ্যালয় কর্তৃপক্ষ ক্যাম্পাসের গুরুত্বপূর্ণ স্থানে বিশাল এলইডি স্ক্রিন বসিয়েছে, যা ঘিরে শিক্ষার্থীদের উপচে পড়া ভিড় লক্ষ্য করা গেছে।

২০০৬ সালে তৎকালীন বিএনপি-জামায়াত জোট সরকারের আমলে জগন্নাথ কলেজকে বিশ্ববিদ্যালয়ে রূপান্তর করার পর থেকে এটিই প্রথম ছাত্র সংসদ নির্বাচন।

দীর্ঘ প্রতীক্ষার পর নিজেদের প্রতিনিধি নির্বাচনে ভোট দেওয়ার সুযোগ পেয়ে শিক্ষার্থীদের মাঝে যেন ঈদের আমেজ বইছে। দিন গড়িয়ে সন্ধ্যা নামার সাথে সাথে এলইডি স্ক্রিনগুলোর সামনে ভিড় আরও বাড়তে থাকে। প্রতিটি হলের বা বিভাগের ফলাফল স্ক্রিনে ভেসে ওঠার সাথে সাথেই শিক্ষার্থীদের করতালিতে মুখরিত হয়ে উঠছে ক্যাম্পাস।শিক্ষার্থীরা জানান, এই নির্বাচন কেবল একটি ভোট নয়, বরং জবি শিক্ষার্থীদের দীর্ঘদিনের গণতান্ত্রিক আকাঙ্ক্ষার প্রতিফলন।

এলইডি স্ক্রিনের সামনে দাঁড়িয়ে ফলাফল দেখতে থাকা হাজারো শিক্ষার্থীর চোখে-মুখে জয়ের আকাঙ্ক্ষা ও উৎসবের আমেজ স্পষ্ট। কেউ কেউ দলীয় স্লোগান দিচ্ছেন, আবার অনেকে শান্তভাবে স্ক্রিনে ভোটের ব্যবধান পর্যবেক্ষণ করছেন। বিশ্ববিদ্যালয় কর্তৃপক্ষ জানিয়েছে, ফলাফল ঘোষণার স্বচ্ছতা নিশ্চিত করতেই এমন উদ্যোগ নেওয়া হয়েছে, যা শিক্ষার্থীদের মাঝে ব্যাপক সাড়া ফেলেছে।