জানুয়ারি ৭, ২০২৬, ০৭:৪৭ পিএম
জগন্নাথ বিশ্ববিদ্যালয় কেন্দ্রীয় শিক্ষার্থী সংসদ (জকসু) নির্বাচনের ফলাফল ঘোষণা যতই শেষ পর্যায়ের দিকে যাচ্ছে, ততই বাড়ছে উত্তেজনা। বুধবার সন্ধ্যার সর্বশেষ তথ্য অনুযায়ী, মোট ৩৯টি কেন্দ্রের মধ্যে ২৬টি কেন্দ্রের ফল আনুষ্ঠানিকভাবে ঘোষণা করেছে নির্বাচন কমিশন।
প্রকাশিত ফলাফলে দেখা যাচ্ছে, সহসভাপতি (ভিপি) পদে বড় ধরনের লিড নিয়েছে ছাত্রশিবির সমর্থিত ‘অদম্য জবিয়ান’ প্যানেল। এই পদে শিবিরের প্রার্থী রিয়াজুল ইসলাম এখন পর্যন্ত ছাত্রদল সমর্থিত প্রার্থী এ কে এম রাকিবের চেয়ে ৩৫১ ভোটে এগিয়ে রয়েছেন।
নির্বাচন কমিশনের দেওয়া ২৬ কেন্দ্রের সমন্বিত হিসাবে, ভিপি পদে ছাত্রশিবিরের রিয়াজুল ইসলাম পেয়েছেন মোট ৩ হাজার ৩৬৪ ভোট।
অন্যদিকে, তাঁর নিকটতম প্রতিদ্বন্দ্বী ছাত্রদল সমর্থিত প্যানেলের প্রার্থী এ কে এম রাকিব পেয়েছেন ৩ হাজার ১৩ ভোট। এর আগে ২০ কেন্দ্রের ফলাফলে ছাত্রদলের প্রার্থী সামান্য ব্যবধানে এগিয়ে থাকলেও, পরবর্তী কেন্দ্রগুলোর ভোট গণনায় শিবির প্রার্থীর পক্ষে বড় ধরনের জনমত লক্ষ্য করা গেছে।ভিপি পদের পাশাপাশি সাধারণ সম্পাদক (জিএস) ও সহ-সাধারণ সম্পাদক (এজিএস) পদে ছাত্রশিবির সমর্থিত প্রার্থীরা প্রথম থেকেই বড় ব্যবধানে তাঁদের আধিপত্য বজায় রেখেছেন।
বর্তমান ফলাফলে এই দুই পদে শিবিরের প্রার্থীরা ধরাছোঁয়ার বাইরে রয়েছেন বলে মনে করছেন সংশ্লিষ্টরা। বিশ্ববিদ্যালয়ের কেন্দ্রীয় অডিটোরিয়ামে স্থাপিত নিয়ন্ত্রণ কক্ষ থেকে নির্বাচন কমিশনাররা পর্যায়ক্রমে কেন্দ্রভিত্তিক তথ্য প্রদান করছেন।উল্লেখ্য যে, দীর্ঘ প্রতীক্ষিত এই জকসু নির্বাচনে মোট ১৬ হাজার ৪৪৫ জন ভোটারের মধ্যে ৬৬ শতাংশ শিক্ষার্থী তাঁদের ভোটাধিকার প্রয়োগ করেছেন।
৩৯টি কেন্দ্রের ১৭৮টি বুথে দিনভর চলেছিল এই ভোটগ্রহণ। ১৯০ জন প্রার্থীর ভাগ্য নির্ধারণে এখন বাকি থাকা ১৩টি কেন্দ্রের ফলাফলের দিকে তাকিয়ে আছেন সাধারণ শিক্ষার্থীরা। ভিপি পদে ভোটের এই ব্যবধান শেষ পর্যন্ত কোনো নাটকীয়তার জন্ম দেয় কি না, এখন সেটিই দেখার বিষয়।


দিনাজপুর টিভির সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন