মার্চ ২৭, ২০২৬, ১১:৫৩ এএম
ইসলামী বিশ্ববিদ্যালয়ে ২০২৫-২৬ শিক্ষাবর্ষের গুচ্ছভুক্ত ‘সি’ ইউনিটের ভর্তি পরীক্ষা আজ শুক্রবার সুষ্ঠুভাবে শুরু হয়েছে। বেলা ১১টা থেকে দুপুর ১২টা পর্যন্ত বিশ্ববিদ্যালয়ের ব্যবসায় প্রশাসন অনুষদ ভবনে এক ঘণ্টাব্যাপী এই পরীক্ষা অনুষ্ঠিত হয়। ব্যবসায় শিক্ষা অনুষদভুক্ত এই ইউনিটের পরীক্ষায় অংশগ্রহণের জন্য ইসলামী বিশ্ববিদ্যালয় কেন্দ্রে মোট ১ হাজার ৪৫৬ জন শিক্ষার্থীর আসন নির্ধারণ করা হয়েছিল।
পরীক্ষা উপলক্ষে সকাল থেকেই ভর্তিচ্ছু শিক্ষার্থী ও তাদের অভিভাবকদের পদচারণায় ক্যাম্পাস মুখরিত হয়ে ওঠে।ভর্তি পরীক্ষা নির্বিঘ্ন করতে বিশ্ববিদ্যালয় প্রশাসন চার স্তরের কঠোর নিরাপত্তা ব্যবস্থা গ্রহণ করেছে।
ক্যাম্পাসের প্রধান ফটক থেকে শুরু করে পরীক্ষার কেন্দ্র পর্যন্ত পুলিশ, র্যাব ও আনসার বাহিনীর সদস্যদের মোতায়েন করা হয়েছে। শৃঙ্খলা রক্ষায় প্রক্টরিয়াল বডির অধীনে বিএনসিসি ও রোভার স্কাউট সদস্যরা গুরুত্বপূর্ণ পয়েন্টগুলোতে দায়িত্ব পালন করছেন।
কোনো ধরনের জালিয়াতি বা প্রক্সিমুক্ত পরিবেশ নিশ্চিত করতে ভ্রাম্যমাণ আদালত সার্বক্ষণিক নজরদারি করছে। প্রক্টর অধ্যাপক ড. শাহিনুজ্জামান জানিয়েছেন যে পরীক্ষার্থীরা কোনো সমস্যা ছাড়াই কেন্দ্রে প্রবেশ করেছে এবং সুন্দর ও সুশৃঙ্খল পরিবেশে পরীক্ষা সম্পন্ন করার সকল প্রস্তুতি নেওয়া হয়েছে।এ বছর গুচ্ছ ভর্তি পরীক্ষায় অংশ নিতে তিন ইউনিটে মোট ২ লাখ ৮৪ হাজার ৪৮০ জন শিক্ষার্থী আবেদন করেছেন।
এর মধ্যে বিজ্ঞান অনুষদভুক্ত ‘এ’ ইউনিটে ১ লাখ ৬৬ হাজার ২৪০ জন এবং মানবিক অনুষদভুক্ত ‘বি’ ইউনিটে ৯৩ হাজার ১৫৮ জন আবেদনকারী রয়েছেন। আজকের ব্যবসায় শিক্ষা অনুষদভুক্ত ‘সি’ ইউনিটে সারাদেশে মোট ২৫ হাজার ২৮২ জন শিক্ষার্থী উচ্চশিক্ষায় ভর্তির লড়াইয়ে অংশ নিচ্ছেন। বিশ্ববিদ্যালয় কর্তৃপক্ষের সমন্বিত প্রচেষ্টায় পরীক্ষা সম্পন্ন করার সকল প্রস্তুতি সফলভাবে সম্পন্ন হয়েছে বলে প্রশাসনের পক্ষ থেকে জানানো হয়েছে।


দিনাজপুর টিভির সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন