মে ৮, ২০২৬, ১১:০৭ পিএম
হাজী মোহাম্মদ দানেশ বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ে (হাবিপ্রবি) শিক্ষার্থীদের দক্ষতা উন্নয়ন ও নেতৃত্ব বিকাশে দিনব্যাপী প্রশিক্ষণ কর্মসূচি ‘Axiom Camp 1.0’ অনুষ্ঠিত হয়েছে। শুক্রবার (৮ মে) বিশ্ববিদ্যালয়ের জাতীয় কবি কাজী নজরুল ইসলাম ভবনের ৩৪৩ নম্বর কক্ষে এই বিশেষ আয়োজন সম্পন্ন হয়।
বিশ্ববিদ্যালয়ের বিভিন্ন বিভাগের শিক্ষার্থীদের অংশগ্রহণে দিনব্যাপী এই কর্মসূচিতে বেশ কয়েকটি গুরুত্বপূর্ণ সেশন পরিচালনা করা হয়। এতে একাডেমিক প্রেজেন্টেশন স্কিল, ডকুমেন্টেশন, লিডারশিপ, কমিউনিকেশন, ভলান্টিয়ারিং, ক্যারিয়ার পাথওয়ে ডেভেলপমেন্ট এবং সিভ রাইটিংয়ের মতো প্রয়োজনীয় বিষয়ে শিক্ষার্থীদের হাতে-কলমে প্রশিক্ষণ দেওয়া হয়।
সেশনগুলোতে বক্তারা শিক্ষার্থীদের আত্মবিশ্বাস বৃদ্ধি এবং ভবিষ্যৎ পেশাগত জীবনে সফল হওয়ার কৌশল নিয়ে বিস্তারিত আলোচনা করেন।অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন হাবিপ্রবির মার্কেটিং বিভাগের চেয়ারম্যান ও সহকারী প্রক্টর অধ্যাপক ড. আবুল কালাম।
তিনি তাঁর বক্তব্যে শিক্ষার্থীদের দক্ষতা অর্জনের ওপর গুরুত্বারোপ করেন। ড. আবুল কালাম বলেন, বিশ্ববিদ্যালয় জীবনের শুরু থেকেই ব্যক্তিগত দক্ষতা উন্নয়নে সচেষ্ট থাকলে ভবিষ্যতে তা অনেক দূর এগিয়ে দেবে। এমন সময়োপযোগী আয়োজনের জন্য তিনি সংশ্লিষ্টদের ধন্যবাদ জানান।বিশেষ অতিথি হিসেবে অনুষ্ঠানে উপস্থিত ছিলেন অ্যাসপায়ার বাংলাদেশের প্রতিষ্ঠাতা সাদমান খান, অ্যাসপায়ার ন্যাশনাল বোর্ডের সাধারণ সম্পাদক রাহাত হোসেন এবং রোটার্যাক্ট ক্লাব অব হাবিপ্রবির সভাপতি সিয়াম শান্ত।
আয়োজন শেষে অ্যাসপায়ার হাবিপ্রবি ইউনিটের সভাপতি শিহাবুল ইসলাম সফলভাবে ক্যাম্প সম্পন্ন করায় সংশ্লিষ্ট সবার প্রতি কৃতজ্ঞতা প্রকাশ করেন। তিনি জানান, শিক্ষার্থীদের স্বতঃস্ফূর্ত অংশগ্রহণ এই আয়োজনকে প্রাণবন্ত করেছে। অর্জিত জ্ঞান শিক্ষার্থীদের একাডেমিক ও পেশাগত জীবনে সহায়ক হবে বলে তিনি আশা প্রকাশ করেন। হাবিপ্রবির শিক্ষার্থীদের বাস্তবমুখী দক্ষতা বৃদ্ধিতে ভবিষ্যতে আরও বড় পরিসরে এমন প্রশিক্ষণ কর্মসূচি আয়োজনের পরিকল্পনার কথা জানান আয়োজকরা।


দিনাজপুর টিভির সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন