রবিবার, ২৭ সেপ্টেম্বর, ২০২৬,

এসএসসি ও এইচএসসি পরীক্ষায় বড় পরিবর্তনের আভাস দিলেন শিক্ষামন্ত্রী

দিনাজপুর টিভি ডেস্ক

মে ১৩, ২০২৬, ০১:১০ পিএম

এসএসসি ও এইচএসসি পরীক্ষায় বড় পরিবর্তনের আভাস দিলেন শিক্ষামন্ত্রী

শিক্ষামন্ত্রী আ ন ম এহছানুল হক মিলন

দেশের শিক্ষা ব্যবস্থাকে আরও গতিশীল এবং সেশনজটমুক্ত করতে এসএসসি ও এইচএসসি পরীক্ষা নিয়ে নতুন পরিকল্পনার ইঙ্গিত দিয়েছেন শিক্ষা এবং প্রাথমিক ও গণশিক্ষা মন্ত্রী আ ন ম এহছানুল হক মিলন। বুধবার (১৩ মে) সকালে রাজধানী ঢাকা রেসিডেনসিয়াল মডেল কলেজে ‘ওয়ান গ্রিড সোলার প্রজেক্ট’-এর উদ্বোধন অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে তিনি এ কথা জানান।

শিক্ষামন্ত্রী বলেন, "আমাদের লক্ষ্য হলো শিক্ষার্থীরা যেন ১০ বছরের মধ্যে এসএসসি এবং ১২ বছরের মধ্যে এইচএসসি পরীক্ষা সম্পন্ন করতে পারে। এ লক্ষ্যে সিলেবাস এবং পরীক্ষা পদ্ধতির প্রয়োজনীয় সংস্কার নিয়ে কাজ চলছে। আমরা চাই না শিক্ষার্থীদের জীবনে কোনো সেশনজট থাকুক বা তারা বৈশ্বিক প্রতিযোগিতায় পিছিয়ে পড়ুক।"

তিনি আরও জানান, আজই (বুধবার) মন্ত্রণালয়ে সিলেবাস এবং পরীক্ষা পদ্ধতি নিয়ে একটি উচ্চপর্যায়ের বৈঠক অনুষ্ঠিত হবে। সেখানে আলোচনা করা হবে কীভাবে নির্ধারিত সময়ের মধ্যে সিলেবাস শেষ করে পরীক্ষাগুলো সময়মতো সম্পন্ন করা যায়। 

মন্ত্রী শিক্ষার্থীদের আশ্বস্ত করে বলেন, "তোমাদের স্বার্থে যেটা করা দরকার, সরকার সেটাই করবে। তবে পরীক্ষায় সুন্দর ও শৃঙ্খলিত পরিবেশ বজায় রাখতে হবে।"শিক্ষা ব্যবস্থার আধুনিকায়ন নিয়ে মন্ত্রী বলেন, বর্তমান পাঠ্যসূচিতে ব্যাপক পরিবর্তনের প্রয়োজন রয়েছে। বিশেষ করে বিজ্ঞান ও প্রযুক্তিনির্ভর শিক্ষাকে গুরুত্ব দিয়ে সিলেবাস আপডেট করার পরিকল্পনা রয়েছে সরকারের। 

এর মাধ্যমে পরীক্ষা পদ্ধতিকে আরও স্বচ্ছ এবং ফলপ্রসূ করার চেষ্টা চলছে।অনুষ্ঠানে কলেজের শিক্ষক, শিক্ষার্থী এবং শিক্ষা মন্ত্রণালয়ের ঊর্ধ্বতন কর্মকর্তারা উপস্থিত ছিলেন। শিক্ষামন্ত্রীর এই ঘোষণা শিক্ষা সংশ্লিষ্ট মহলে ব্যাপক আলোচনার সৃষ্টি করেছে। অনেক অভিভাবক এবং শিক্ষার্থী এই উদ্যোগকে ইতিবাচক হিসেবে দেখছেন, যদি তা সঠিকভাবে বাস্তবায়িত হয়।