রবিবার, ১১ অক্টোবর, ২০২৬,

এসএসসি ও এইচএসসি পরীক্ষার বিষয় ও কর্মদিবস কমানোর পরিকল্পনা

দিনাজপুর টিভি ডেস্ক

জুন ৬, ২০২৬, ১২:২৯ পিএম

এসএসসি ও এইচএসসি পরীক্ষার বিষয় ও কর্মদিবস কমানোর পরিকল্পনা

দেশের দুই বড় পাবলিক পরীক্ষা এসএসসি ও এইচএসসির সময়কাল কমিয়ে আনার উদ্যোগ নিয়েছে সরকার। পরীক্ষার সময় কমানো এবং শিক্ষার্থীদের ওপর থেকে মানসিক চাপ সরাতে বিদ্যমান পদ্ধতিতে সংস্কারের পরিকল্পনা করছে জাতীয় শিক্ষাক্রম ও পাঠ্যপুস্তক বোর্ড। এ লক্ষ্যে একটি কর্মপরিকল্পনা ও ধারণাপত্র তৈরি করে সম্প্রতি শিক্ষা মন্ত্রণালয়ে পাঠানো হয়েছে।

পরীক্ষায় বিষয়সংখ্যা যৌক্তিকীকরণ এবং কর্মদিবস উল্লেখযোগ্য হারে কমানোর লক্ষ্য রয়েছে।এনসিটিবির চেয়ারম্যান মো. মাহবুবুল হক পাটওয়ারী জানান, মন্ত্রণালয় থেকে নির্দেশনা পাওয়ার পর অংশীজনদের নিয়ে কর্মশালা করা হবে। 

এতে শিক্ষাবিদ, কারিকুলাম বিশেষজ্ঞ, অভিভাবক ও শিক্ষার্থীদের মতামত নেওয়া হবে। বর্তমানে এসএসসি পরীক্ষায় ২৫ থেকে ৩০ এবং এইচএসসি পরীক্ষায় ৩০ থেকে ৩৫ দিনের বেশি সময় ব্যয় হয়। দীর্ঘ সময় ধরে শিক্ষা প্রতিষ্ঠান পরীক্ষা কেন্দ্র হিসেবে ব্যবহৃত হওয়ায় অন্যান্য শ্রেণিতে স্বাভাবিক পাঠদান ব্যাহত হচ্ছে।

পরীক্ষার ব্যাপ্তি কমানোর মাধ্যমে শিক্ষা ব্যবস্থায় ইতিবাচক পরিবর্তনের আশা করছে এনসিটিবি।এনসিটিবি জানিয়েছে, ভারত ও মালয়েশিয়াসহ বিশ্বের বিভিন্ন দেশের অভিজ্ঞতার আলোকে ন্যূনতম কতটি বিষয়ে পরীক্ষা নেওয়া যৌক্তিক তা নির্ধারণ করা হবে। এছাড়াও প্রশ্ন কাঠামো পর্যালোচনা ও ধারাবাহিক মূল্যায়নের বিষয়টিও গুরুত্ব পাবে। তবে শিক্ষা মন্ত্রণালয়ের সচিব আবদুল খালেক জানিয়েছেন, এ বিষয়ে প্রাথমিক আলোচনা হয়েছে এবং অংশীজনদের মতামতের ভিত্তিতে চূড়ান্ত সিদ্ধান্ত নেওয়া হবে।

কাজটি এখনো প্রাথমিক পর্যায়ে রয়েছে বলে জানিয়েছেন সংশ্লিষ্টরা।এনসিটিবির প্রধান সম্পাদক মুহাম্মদ ফাতিহুল কাদীর জানিয়েছেন, বর্তমানে তাদের পুরো টিম আগামী শিক্ষাবর্ষের বইগুলোর পরিমার্জন নিয়ে ব্যস্ত রয়েছে। তাই পরীক্ষার সময় কমানোর প্রক্রিয়ায় নতুন কোনো অগ্রগতি নেই। বোর্ডগুলোর আন্তঃশিক্ষা বোর্ড সমন্বয় কমিটির মতামতের ভিত্তিতেই চূড়ান্ত রূপরেখা কার্যকর করা হবে।